এটিএন বাংলার বিতর্ক প্রতিযোগিতার রিয়েলিটি শো’র আজ গ্র্যান্ড ফাইনাল
প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০১২, ১৯:২৪
মহান বিজয়ের ৪০ বছর পূর্তি উপলক্ষে ডিবেট ফর ডেমোক্রেসি এই মক পার্লামেন্টের আয়োজন করে। তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপি পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান। ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ মক স্পিকার হিসেবে প্রতিযোগিতাটি পরিচালনা করেন। ‘বিজয়ের রঙে আঁকি সম্প্রীতির বাংলাদেশ’ এই শ্লোগানে গ্র্যান্ড ফাইনাল ও পুরস্কার বিতরণ অনু্ষ্ঠানের মধ্যদিয়ে বছরব্যাপী আয়োজিত এই প্রতিযোগিতার সমাপ্তি ঘটে। আজ প্রচারিতব্য গ্র্যান্ড ফাইনালে ‘যুদ্ধাপরাধীদের বিচার’ শীর্ষক বিষয়ের প্রতিযোগিতায় সরকারি দল গ্রিন ইউনিভার্সিটিকে পরাজিত করে বিরোধী দল ঢাকা বিশ্ববিদ্যালয় চ্যাম্পিয়ন হয়। প্রতিযোগিতায় দ্বিতীয় রানার আপ হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। উল্লেখ্য, গত বছরের নভেম্বরে শুরু হওয়া এই প্রতিযোগিতায় দেশের ৩২টি বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করে।