চট্টগ্রাম-দোহাজারী রেলপথ
প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০১২, ২০:১৪
২০১১ সালের ৩ এপ্রিল কক্সবাজারের ঝিংলজায় চট্টগ্রাম-দোহাজারী রেললাইনের ভিত্তিপ্রস্থর ফলক উন্মোচন করেছিলেন বর্তমান প্রধানমন্ত্রী। কিন্তু শীঘ্রই আর এই রেলপথের উন্নয়ন সহসা আলোর মুখ দেখছে না। তথ্যানুসারে রেলের পূর্ব-পশ্চিম জোনের আওতায় বর্তমানে ২ হাজার ৭৯১ কিলোমিটার রেলপথের মধ্যে ১ হাজার ২২২ হাজার কিলোমিটার রেলপথই পূর্বাঞ্চলে। দোহাজারীতে নবনির্মিত পিকিং পাওয়ার প্ল্যান্টে রেলের ওয়াগনে ট্যাংকারে করে ফার্নেস অয়েল সরবরাহ করার জন্য এই রেললাইনে স্টেশনে স্টেশনে লোক দেখানো কাজ করা হয়েছে (শুধুমাত্র নিম্নমানের কাঠের স্লিপার বিছানো)। তাও বর্তমানে বন্ধ। প্রতিবেশী দেশ ভারতের মতো হয়তো আমাদের দ্রুত গতির ইলেকট্রিক ট্রেন ভাগ্যে মিলবে না কিন্তু সেই পুরানো আমলের মিটারগেজ রেলপথও কি দক্ষিণ চট্টগ্রামবাসী পাবে না? সারাবছরই এই রেলপথের সংস্কার চলে, কিন্তু প্রাপ্ত বরাদ্দের বেশিরভাগ অংশ নয়ছয়ের মাধ্যমে বেহাত হয়। দক্ষিণ চট্টগ্রামের ভাগ্যে আসলেই জুটবে না কক্সবাজার হয়ে মিয়ানমারের সীমান্ত এলাকা ঘুমধুম পর্যন্ত রেললাইন। তাহলে পর্যটন নগরী কক্সবাজারে রেলপথে চড়ে যাওয়ার স্বাদ কি অপূর্ণ থেকেই যাবে?
শোভন দাশ বাবু, চট্টগ্রাম।