এডিআরে আয়করের ৮ মামলা নিষ্পত্তি

বিকল্প বিরোধ নিষ্পত্তি (এডিআর) পদ্ধতিতে এ পর্যন্ত আয়কর সংক্রান্ত ৮টি মামলার সমাধান হয়েছে। এর মাধ্যমে সরকার প্রায় ২৫ কোটি টাকা রাজস্ব পেয়েছে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে এসব তথ্য জানা গেছে। এছাড়া এডিআর পদ্ধতিতে মামলা সমাধানে আরও ২০ ব্যবসায়ী সম্মতি দিয়েছেন। সূত্র জানায়, গত ১৪ মার্চ পরীক্ষামূলকভাবে আয়কর বিভাগে ঢাকার কর অঞ্চল-১ ও বৃহত্ করদাতা ইউনিটে (এলটিইউ) এডিআর চালু করা হয়। এটি বর্তমানে সব কর অঞ্চলেই চালু আছে। সূত্র জানায়, এডিআরের মাধ্যমে কোনো কর মামলার নিষ্পত্তির সময় টাকা দেয়ার তারিখ নির্দিষ্ট করে দেয়া হয়। সূত্র জানায়, চলতি বছর পর্যন্ত ৬ হাজার ২৮৩টি কর সংক্রান্ত মামলা রয়েছে। এর মধ্যে আপিলে আছে ২ হাজার ৭৪টি মামলা এবং বিচারাধীন আছে ১ হাজার ৪টি মামলা। হাইকোর্টে রিট করা মামলার সংখ্যা ২ হাজার ৯০৫টি। এর বিপরীতে মোট টাকা আটকে গেছে ৪ হাজার ৯৬৪ কোটি টাকা। অন্যদিকে ভ্যাট সংক্রান্ত মামলা প্রায় ৩ হাজার। এর বিপরীতে টাকা আটকে গেছে ৫ হাজার কোটি।