নিউজিল্যান্ড ক্রিকেটের ব্লে¬জার পোড়ালেন মার্টিন ক্রো

রস টেইলরকে অধিনায়কের পদ থেকে বরখাস্ত করার প্রতিবাদে নিজের নিউজিল্যান্ড ক্রিকেটের (এনজেডসি) ব্লে¬জারটি পুড়িয়ে ফেলেছেন ব্যাটিং গ্রেট মার্টিন ক্রো। গতকাল বৃহস্পতিবার ওয়েলিংটনে প্রকাশিত গণমাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। গত সপ্তাহে রস টেইলরের পরিবর্তে ব্রেন্ডন ম্যাককালামকে অধিনায়ক করার পর থেকেই এনজেডসির তীব্র সমালোচনা করে আসছেন নিউজিল্যান্ডের সর্বকালের সেরা ব্যাটসম্যান হিসাবে বিবেচিত ক্রো। অধিনায়ক পরিবর্তন করার পদ্ধতিটি ব্ল্যাক ক্যাপদের জন্য বুমেরাং হয়ে গেছে। নিউজিল্যান্ড হেরাল্ড পত্রিকায় প্রকাশিত খবরে বলা হয়, টেইলরকে সরিয়ে দেয়ার খবরটি প্রকাশিত হওয়ার পর গত শুক্রবার ক্রো তার ব্লেজারটি পুড়িয়ে ফেলেন। এতে আরো বলা হয়, তিনি টুইট করেছেন, ‘পুড়ে ফেললাম এনজেড ক্রিকেট ব্লেজার ডিসেম্বর ৭, ২০১২।’ নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্রের বরাত দিয়ে পত্রিকাটি জানায়, ক্রো ব্লেজারটি ধ্বংস করে ফেলেছেন, ‘সুতরাং তিনি আর কখনোই এটা ব্যবহার করতে চাইবেন না।’ দীর্ঘদিন যাবত্ টেইলরকে সমর্থন করা ক্রোর পক্ষে এটা ছিল ‘বিরক্তির স্বাভাবিক’ বহি:প্রকাশ। ক্রো এ বিষয়ে কোন মন্তব্য করতে অস্বীকার করেন বলে জানায় পত্রিকাটি। রস টেইলরকে সরিয়ে ম্যাককালামকে অধিনায়ক করার বিতর্কিত সিদ্ধান্তের কারণে বুধবার টেইলর ও তার পরিবারের কাছে ক্ষমা চেয়েছে এনজেডসি। অধিনায়কত্ব থেকে সরিয়ে দেয়ার প্রতিবাদে কিউই দলের আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরে যাচ্ছেন না টেইলর।