মুক্তিযোদ্ধা আতিয়ার রহমান এখন ভ্যান চালক
প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০১২, ২১:১১
’৭১ এর রণাঙ্গনের লড়াকু সৈনিক সাতক্ষীরার বীর মুক্তিযোদ্ধা ভূমিহীন আতিয়ার রহমান (৬২) এখন ভ্যান চালিয়ে জীবিকানির্বাহ করছেন। মহান স্বাধীনতার ৪১ বছর পার হয়ে গেলেও সামান্য মাথাগোঁজার মত কোনো ঠাই মেলেনি। তিনি বলেন, একদিন দেশ স্বাধীন হবে এমন স্বপ্ন নিয়েই জীবন বাজি রেখে সম্মুখ যুদ্ধ করেছেন শত্রুর সাথে। এছাড়া তিনি কাকডাঙ্গা ও তলুইগাছা সীমান্তে পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে সরাসরি যুদ্ধ করেন।
তিনি ক্ষোভের সাথে বলেন, প্রতি বছর ২৬ মার্চ ও ১৬ ডিসেম্বর এই বিশেষ দুটি দিনেই কেবল খোঁজ হয় তার। এছাড়া অন্য সময় কেউ ফিরেও দেখে না কিভাবে তার দিন চলছে। তিনি বলেন, শেখ হাসিনার সরকার প্রথম ক্ষমতায় আসার পর তাকে প্রতি মাসে ৩০০ টাকা করে ভাতা দেয়া হতো। এখন তা ২ হাজার টাকায় বাড়ানো হয়েছে। এই ভাতায় তার সংসার চলে না। তাই শহরে ভ্যান চালিয়ে জীবিকানির্বাহ করেন এই মুক্তিযোদ্ধা। আতিয়ার রহমানের দাবি সাতক্ষীরা জেলায় অনেক খাস জমি রয়েছে। সরকার যদি কিছু খাস জমি তাকে দেন তাহলে অন্তত মাথা গোঁজার চিন্তটা ঘুচবে তার।