নানা কর্মসূচিতে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

ইত্তেফাক ডেস্ক

‘বঙ্গবন্ধুর সোনার বাংলায় শেখ হাসিনার অবদান, বিনামূল্যে লিগ্যাল এইডে আইনি সেবা দান’ এ প্রতিপাদ্যে রবিবার সারাদেশে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়। এ উপলক্ষে র্যালি, আলোচনা সভাসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়। আমাদের প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর:

ব্রাহ্মণবাড়িয়া: জেলা লিগ্যাল এইড কমিটির উদ্যোগে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে জেলা জজকোর্ট প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। শেষে জজ কোর্ট প্রাঙ্গণে এক আলোচনা সভা হয়। এতে জেলা ও দায়রা জজ ও লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান শফিউল আজমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খাঁন, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাসুদ পারভেজ প্রমুখ।

নরসিংদী: জেলা লিগ্যাল এইড কমিটি, নরসিংদীর উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি জেলা জজ কোর্ট প্রাঙ্গণ হতে শুরু হয়। পরে জজ কোর্ট প্রাঙ্গণে এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন নরসিংদী জেলা ও দায়রা জজ মো. আতাবুল্লাহ। বক্তব্য রাখেন পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ, নারী ও শিশু জজ মো. জুয়েল রানা প্রমুখ। এছাড়া লিগ্যাল এইড সংক্রান্ত একটি মেলার আয়োজন করা হয়।

চাঁদপুর: চাঁদপুরে জাতীয় আইনগত সহায়তা দিবসের প্রধান প্রধান কর্মসূচির মধ্যে ছিল র্যালি, স্থানীয় পত্রিকা সমূহে ক্রোড়পত্র প্রকাশ, স্বেচ্ছায় রক্তদান, আলোচনা সভা, সেরা সেবা প্রদানকারীদের মাঝে পুরস্কার বিতরণ ইত্যাদি। জেলা লিগ্যাল এইড কমিটি আয়োজিত এসব অনুষ্ঠানে জেলা ও দায়রা জজ মো. জুলফিকার আলী খান, জেলা পরিষদ চেয়ারম্যান ওচমান গণি পাটওয়ারীসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নেত্রকোনা: জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার জেলা কমিটির উদ্যোগে নেত্রকোনায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা হয়। র্যালিটি জেলা জজ আদালত থেকে জেলা ও দায়রা জজ আবু মো. আমিমুল এহসানের নেতৃত্বে শুরু হয়ে পুনরায় জেলা জজ আদালত চত্বরে এসে শেষ হয়। পরে জেলা জজ আদালত প্রাঙ্গণে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা ও দায়রা জজ এবং আইনগত সহায়তা কমিটির চেয়ারম্যান আবু মোঃ আমিমুল এহসান, জেলা জজ রোকনুজ্জামান প্রমুখ।

নওগাঁ: জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে জেলা জজ আদালত প্রাঙ্গণ থেকে একটি র্যালি বের হয়। প্রধান অতিথি হিসেবে র্যালির নেতৃত্ব দেন জেলা লিগ্যাল এইড কমিটি চেয়ারম্যান এবং জেলা ও দায়রা জজ এ কে এম শহীদুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক মাহবুব রহমান ও কামরুজ্জামান প্রমুখ। পরে জেলা জজ আদালত প্রাঙ্গণে এক আলোচনা সভা হয়।

রাঙ্গামাটি: জেলা জজ আদালত প্রাঙ্গণ থেকে একটি শোভাযাত্রা বের হয়। পরে জেলা আইনজীবী সমিতিতে আলোচনা সভায় বক্তব্য রাখেন রাঙ্গামাটি জেলা দায়রা জজ দলিল উদ্দিন, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এম এন মোরশেদুল আলমসহ আইনজীবীরা।

ঝালকাঠি: জেলা জজ আদালত প্রাঙ্গণ থেকে একটি বিশাল শোভাযাত্রা বের হয়। পরে আদালত প্রাঙ্গণে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক শিল্পমন্ত্রী ঝালকাঠি-২ আসনের এমপি আমির হোসেন আমু। সভাপতিত্ব করেন জেলা আইনগত সহায়তা কমিটির চেয়ারম্যান জেলা ও দায়রা জজ মোহা. গাজী রহমান।

ভোলা: জেলা জজ কোর্ট চত্বর থেকে শোভাযাত্রা বের হয়। পরে জজ কোর্ট চত্বরে দিনব্যাপী লিগ্যাল এইড মেলার উদ্বোধন করেন জেলা ও দায়রা জজ ফেরদৌস আহমেদ। এছাড়াও ছিল রক্তদান, চিকিত্সাসেবা প্রদান, দরিদ্রদের জন্য বিনামূল্যে দ্রুত বিচার কার্য পরিচালনাসহ নানা আয়োজন। পরে লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান জেলা ও দায়রা জজ ফেরদৌস আহমেদের সভাপতিত্বে আলোচনা সভা হয়।