গোপালগঞ্জ এলজিইডির নির্বাহী প্রকৌশলীর অপসারণ দাবি
প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০১২, ২১:১৫
গোপালগঞ্জ এলজিইডির নির্বাহী প্রকৌশলীর অপসারনণ দাবিতে সংবাদ সম্মেলন, বিক্ষোভ মিছিল, সমাবেশ ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছে ঠিকাদাররা । বুধবার গোপালগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে ঠিকাদারদের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন এনামুল হক। লিখিত বক্তব্যে, নির্বাহী প্রকৌশলী মোঃ শরীফ উদ্দিনের বিরুদ্ধে উেকাচ গ্রহনসহ নানা ধরণের দুর্নীতির অভিযোগ করা হয়। ঠিকাদাররা জানান, তিনি মনগড়া পদ্ধতিতে কাজ করায় বর্তমান সরকারের সময়ের মধ্যে এই অঞ্চলের উন্নয়ন কাজ শেষ হওয়া নিয়ে সংশয় দেখা দিয়েছে। সংবাদ সম্মেলন শেষে ঠিকাদাররা মিছিল করে ডিসি অফিসে গিয়ে স্মারকলিপি প্রদান করেন। এর আগে ডিসি অফিস চত্বরে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন ঠিকাদার এনামুল হক, মনির সিকদার, সাইফুল ইসলাম প্রমূখ। নির্বাহী প্রকৌশলী মোঃ শরীফ উদ্দিন এ অভিযোগ অস্বীকার করে বলেন, কিছু ঠিকাদার সময়মত কাজ শুরু না করায় তাদের কাজের মেয়াদ শেষ হয়ে যায়। এসব ঠিকাদারের কার্যাদেশ বাতিল করে চিঠি দেয়ায় তারা ক্ষিপ্ত হয়ে এ ধরনের কর্মসূচি পালন করছে।