মুক্তিযোদ্ধা হাসিবের জীবন যুদ্ধ শেষ হয়নি আজও

দেশ স্বাধীন হয়েছে ৪১ বছর। শেষ হয়নি সিলেটের বিশ্বনাথ উপজেলার বীর মুক্তিযোদ্ধা হাসিব উল্ল¬াহর জীবনযুদ্ধ। তিনি শরীরের নানাবিধ রোগের সঙ্গে যুদ্ধ করতে গিয়ে হারিয়ে ফেলেছেন সহায়সম্বল। বর্তমানে ওই মুক্তিযোদ্ধা সিলেটের বিশ্বনাথ উপজেলার দশঘর ইউনিয়নের বরুণী গ্রামের বাড়িতে অসুস্থ অবস্থায় দিন কাটাচ্ছেন। চিকিত্সা করানোর মতো নেই কোন আর্থিক সামর্থ্য। মুক্তিযোদ্ধা ভাতা দুই হাজার টাকায় কোনমতে চলে হাসিব উল্ল¬াহর অভাবের সংসার। অসহায় বৃদ্ধ এ মুক্তিযোদ্ধা ৩ মেয়ে ও ৪ ছেলে নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। যুদ্ধ-পূর্বে হাসিব উল্ল¬াহ পাকিস্তান আর্মিতে (সৈনিক ব্যাচ নম্বর-১৩৩৯৫৭৫) চাকরিরত ছিলেন। যুদ্ধ শুরু হলে তিনি ভারতের করিমগঞ্জে ট্রেনিং সম্পন্ন করে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। তার নেতৃত্বে দশঘর ইউনিয়নের রায়কেলী, কাশিমপুর এলাকার পাকিস্তানি হানাদার ও তাদের দোসরদের ঘাঁটি জ্বালিয়ে দেয়া হয়। মুক্তিযোদ্ধা হাসিব উল্ল¬াহ আক্ষেপ করে বলেন, যে স্বপ্ন নিয়ে জীবনবাজি রেখেছিলাম আজো তা বাস্তবায়িত হয়নি। বর্তমান সরকার যুদ্ধাপরাধীদের বিচারের আওতায় এনেছে। তাদের বিচার দেখে যেতে পারলে মরেও শান্তি পাব।