রূপগঞ্জ ফাঁড়ির সামনে পিকআপ ছিনতাই
প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০১২, ২১:২১
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা পুলিশ ফাঁড়ির সামনে থেকে বুধবার সকাল ৭টায় মালবাহী পিকআপ ভ্যান ছিনতাই হয়েছে। জেলার আড়াইহাজার উপজেলার কালীবাড়ী থেকে শাড়ী নিয়ে ঢাকার ইসলামপুরে যাওয়ার পথে গাড়ি রূপগঞ্জের ভুলতা পুলিশ ফাঁড়ির সামনে ছিনতাইকারীদের কবলে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, ছিনতাইকারীরা ৩টি মোটরসাইকেল যোগে এসে ভুলতা গোলচত্বরে ব্যারিকেড দেয়। এ সময় মোটরসাইকেলের পেছনে থাকা তিনজন ছিনতাইকারী অস্ত্রের মুখে জিম্মি করে ব্যবসায়ী আলী হোসেন, শ্যামা চরন, পিকআপ ভ্যানের চালক মনির হোসেন ও হেলপার সুজন মিয়াকে ফেলে দিয়ে মালবাহী পিকআপ ভ্যান নিয়ে ঢাকার দিকে পালিয়ে যায়। আড়াইহাজারের কালীবাড়ী মার্কেটের ব্যবসায়ী আলী হোসেন ও শ্যামা চরন জানান, পিকআপ ভ্যানে করে ২৫ লাখ টাকা মূল্যের ১৪ হাজার ৪০০ পিস শাড়ী কাপড় নিয়ে ঢাকার ইসলামপুর যাওয়ার পথে ভুলতা গোলচত্বরে ছিনতাইকারীরা পুলিশ পরিচয় দিয়ে গাড়ির কাগজ চেক করার নামে গাড়ি থেকে নিচে নামায়। পরে মাথায় অস্ত্র ঠেকিয়ে পিকআপ নিয়ে ঢাকার দিকে চলে যায়।