গান আলোচনা কবিতায় মুক্তিযুদ্ধের বিজয় মঞ্চে বিজয় উত্সব শুরু

মুক্তিযুদ্ধের বিজয় মঞ্চে আগামী ১৯ দিন বিজয় উদযাপন করবে সেভেন ওয়ান্ডার্স মিডিয়া। গতকাল বৃহস্পতিবার গান, আলোচনা, কবিতা পাঠ ও নৃত্য পরিবেশনের মধ্য দিয়ে শুরু হলো তাদের এ আয়োজন। শিল্পীদের গানে ফুটে উঠলো মুক্তিযুদ্ধে মানুষের সংগ্রাম-আত্মত্যাগ ও বিজয়ের কথা। আলোচনায়ও বক্তারা লক্ষ প্রাণের বিনিময়ে পাওয়া এই স্বাধীন দেশকে সামনে এগিয়ে নিয়ে যাবার প্রত্যয় ব্যক্ত করেন। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের বিজয়ের ৪২ বছরে পদার্পণের আনন্দ উদযাপন উপলক্ষে নানা কর্মসূচি নিয়েছে এ প্রতিষ্ঠানটি। সোহরাওয়ার্দী উদ্যানে গতকাল মুক্তিযুদ্ধের বিজয় মঞ্চের উদ্বোধন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এ বি তাজুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ওয়ার্ল্ড ইউনিভার্সিটির ভিসি আব্দুল মান্নান চৌধুরী। সভাপতিত্ব করেন সেভেন ওয়ান্ডার্সের চেয়ারম্যান আব্দুল কুদ্দুস। আরো বক্তব্য রাখেন আয়োজক প্রতিষ্ঠানের সিইও আতাউল খান। প্রতিদিন দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলবে সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়া সঙ্গীতভিত্তিক প্রতিযোগিতা, চিত্রাংকন প্রতিযোগিতারও আয়োজন করা হবে। আর সন্ধ্যা থেকে চলবে আলোচনা অনুষ্ঠান।