লোহাগড়া (নড়াইল) সংবাদদাতা
লোহাগড়ায় রবিবার সকালে তুচ্ছ ঘটনায় একজনকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। নিহতের নাম লিপু শেখ (৪৫)। তিনি দিঘলিয়া ইউনিয়নের সারোল গ্রামের মরফুত শেখের ছেলে।
এলাকাবাসী জানান, ঘটনার দিন লিপু শেখ সারোল বৌবাজার থেকে বাজার করে বাড়ি ফিরছিলেন। এ সময় আগে থেকে ওত পেতে থাকা প্রতিপক্ষের লোকজন তার উপর হামলা চালিয়ে কুপিয়ে জখম করে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে লোহাগড়া হাসপাতালে নিলে সেখানে অবস্থার অবনতি হলে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। ছাগলে পাট খাওয়াকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা জানান। লোহাগড়া থানার ওসি প্রবীর কুমার বিশ্বাস বলেন, মৃত্যুর বিষয়টি শুনেছি। খোঁজ নিচ্ছি।