বর্ধিত লাইসেন্স ফি প্রত্যাহার
করা না হলে জানুয়ারি থেকে
ওষুধের দোকানে ধর্মঘট
প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০১২, ২২:৩১
অবিলম্বে ফার্মাসিস্টদের পরীক্ষা অনুষ্ঠান ও বর্ধিত ড্রাগ লাইসেন্স ফি প্রত্যাহারের দাবিতে বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির আহ্বানে গত বুধবার সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত দেশের সকল ওষুধের দোকানে ধর্মঘট পালিত হয়েছে। এসময় অনেক রোগী তাদের প্রয়োজনীয় ওষুধ কিনতে পারেনি।
এদিকে, বুধবার দুপুরে ধর্মঘট শেষে পুরাতন ঢাকার বাবুবাজারে কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির উদ্যোগে আয়োজিত এক সমাবেশে সমিতির নেতৃবৃন্দ আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়কে কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির দাবি পূরণের আহ্বান জানিয়েছেন। নইলে আগামী পহেলা জানুয়ারি থেকে দেশের সকল ওষুধের দোকানে লাগাতার ধর্মঘট পালন করবে সমিতি। সমিতির সভাপতি মো: সাদেকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সমিতির সহ সভাপতি আব্দুল হাই, গাজী আমিন আহমদ ফেরদৌস, ঢাকা জেলা সমিতির সভাপতি সোলায়মান দেওয়ান, সম্পাদক আবুবকর খান মিলন প্রমুখ বক্তব্য রাখেন। সমিতির সভাপতি সাদেকুর রহমান বলেন, ৮ হাজার ফার্মাসিস্ট প্রশিক্ষণ নিয়ে বসে আছে। পরীক্ষা নেয়া হচ্ছে না। স্বাস্থ্যমন্ত্রী ও সচিবকে জানিয়েও কোন লাভ হচ্ছে না। ড্রাগ লাইসেন্স ফি দ্বিগুণ করা হয়েছে। এটা অস্বাভাবিক। এই ফি প্রত্যাহার করতে হবে।