ফিলিপাইনে বোপায়
মৃতের সংখ্যা
বেড়ে ৯০২
প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০১২, ২২:৩৩
ফিলিপাইনে চলতি বছর শক্তিশালী টাইফুন বোপার আঘাতে মৃতের সংখ্যা বেড়ে ৯০২ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় কয়েকশ’ নিখোঁজ রয়েছে। খবর এএফপির।
গতকাল বৃহস্পতিবার বেসামরিক প্রতিরক্ষা দফতর জানিয়েছে, ফিলিপাইনে চলতি বছর প্রলয়ঙ্করী টাইফুন বোপার আঘাতে ৯০২ জনের মৃত্যু হয়েছে। এদের অধিকাংশই দেশটির দক্ষিণাঞ্চলীয় দ্বীপ মিন্দানাওয়ে মারা গেছে। দ্বীপটিতে ৪ ডিসেম্বর বন্যা ও ভূমিধসে প্রায় দুই হাজার গ্রামে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বেসামরিক প্রতিরক্ষা দফতর আরো জানিয়েছে, এই ঘটনায় মোট ৬১৫ জন লোক এখনো নিখোঁজ রয়েছে। বোপার প্রভাবে ভূমিধসের আগে সাগরে নিখোঁজ হওয়া ২৯৬ জেলেকে উদ্ধার করা হয়। সংস্থাটি আরো জানিয়েছে, চলতি বছর আঘাত হানা সবচেয়ে ভয়াবহ এই টাইফুনে ১ লাখ ৪৯ বাড়িঘর ধ্বংস হয়েছে। প্রাকৃতিক দুর্যোগ কবলিত প্রায় ৮০ হাজার লোক কয়েক মাস ধরে সরকারি আশ্রয় শিবিরগুলোতে গাদাগাদি করে অবস্থান করছে। ত্রাণ কর্মকর্তারা আরো স্থায়ী আশ্রয় শিবির স্থাপনের জন্য নিরাপদ স্থানের সন্ধান করছে। জাতিসংঘ ফিলিপাইনে টাইফুনে ক্ষতিগ্রস্তদের জন্য সোমবার বিশ্ব দরবারে সাড়ে ছয় কোটি মার্কিন ডলার সহায়তার আবেদন জানিয়েছে। জাতিসংঘ জানিয়েছে, পঞ্চাশ লক্ষাধিক লোক এখনো দুর্দশার মধ্যে রয়েছে।