ঘন কুয়াশায় মাওয়ায়
ফেরি চলাচল ব্যাহত
প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০১২, ২২:৩৩
ঘন কুয়াশার কারণে মাওয়া-কাওড়াকান্দি রুটে ফেরি সার্ভিস বার বার ব্যাহত হচ্ছে। গত কয়েক দিনের ঘন কুয়াশার কারণে এই রুটে চলাচলকারী দক্ষিণাঞ্চলের ২১ জেলার মানুষ পড়েছে চরম দুর্ভোগে।
বুধবার রাত ১২টায় এই রুটে ফেরি সার্ভিস বন্ধ হয়ে যায়। পরে ৪ ঘন্টা বন্ধ থাকার পর ফেরি সার্ভিস বৃহস্পতিবার ভোর ৪টায় শুরু হয়। পরে ২ ঘন্টা ফেরি চলার পর সকাল ৬টায় কুয়াশার তীব্রতা বাড়লে ফেরি সার্ভিস আবার বন্ধ হয়ে যায়। ৪ ঘন্টা পর কুয়াশার তীব্রতা কমলে সকাল ১০টায় পুনরায় ফেরি সার্ভিস শুরু হয়।
দুইবারে ৮ ঘন্টা এই গুরুত্বপূর্ণ সার্ভিস বন্ধ থাকায় উভয়পাড়ে যানজট সৃষ্টি হয়েছে। কনকনে শীতের মধ্যে মাঝ পদ্মায় আটকা পড়া লোকজন পরিবার পরিজন নিয়ে চরম দুর্ভোগে রাত কাটায়। এসময় চরম দুর্ভোগে পড়ে সহস্রাধিক যাত্রী।
এছাড়া মুন্সীগঞ্জের পদ্মা, মেঘনা ও ধলেশ্বরী নদীতে ১০টি বড় যাত্রীবাহী লঞ্চসহ অন্তত দেড়’শ নৌযান ঘন কুয়াশার কারণে আটকা পড়ে। কুয়াশা কেটে যাবার পর নৌযানগুলো আবার গন্তব্যে রওয়ানা দেয়।