বিচারপতির স্কাইপে সংলাপ

আমার দেশের সম্পাদক, প্রকাশকের বিরুদ্ধে সাইবার আইনে মামলা

যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের পদত্যাগী চেয়ারম্যান বিচারপতি নিজামুল হকের সঙ্গে প্রবাসী আইনজীবী ড. আহমেদ জিয়াউদ্দিনের স্কাইপে সংলাপ প্রকাশের অভিযোগে দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান ও প্রকাশক মো. হাসমত আলীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ ও তথ্য প্রযুক্তি আইনে মামলা দায়ের করা হয়েছে। যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর এডভোকেট মো. সাহিদুর রহমান বাদি হয়ে গতকাল বৃহস্পতিবার বিকালে নিন্ম আদালতে এই মামলা দায়ের করেন। ঢাকার মুখ্য মহানগর আদালতের হাকিম এসএম আশিকুর রহমান মামলাটি এজাহার হিসাবে গণ্য করে বিবাদীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছেন। মামলার এজাহারে বলা হয়েছে, যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক ও প্রবাসী আইনজীবী আহমেদ জিয়াউদ্দিনের মধ্যে স্কাইপি সংলাপ গত ৯ ডিসেম্বর থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত দৈনিক আমার দেশ পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশ করেছে। এই সংলাপ প্রকাশের পরিপ্রেক্ষিতে সংবিধান ও আইনানুযায়ী গঠিত ট্রাইব্যুনাল সম্পর্কে জনমনে বিরূপ ধারণার সৃষ্টি হয়েছে। এছাড়া এ ধরনের সংলাপ প্রকাশ করে ট্রাইব্যুনালের কার্যক্রমকে বাধাগ্রস্ত করা হয়েছে। যা রাষ্ট্রদ্রোহিতার শামিল। এজাহারে আমার দেশের বিরুদ্ধে বিচারকের ব্যক্তিগত গোপনীয়তা লংঘনের অভিযোগ করা হয়েছে। সাহিদুর রহমান সাংবাদিকদের বলেন, অভিযুক্তরা অন্যায়ভাবে স্কাইপি হ্যাক করে তথ্য যোগাযোগ ও প্রযুক্তি আইনের ৫৬, ৫৭ ধারা এবং দণ্ডবিধির ১২৪, ১২৪/এ এবং ৫০৫/এ ধারার অপরাধ করেছেন। এছাড়া স্কাইপি সংলাপ প্রকাশ করে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রম ব্যাহত করার মাধ্যমে আমার দেশের সম্পাদক ও প্রকাশক রাষ্ট্রদোহের শামিল অপরাধ করেছেন। তিনি বলেন, সরকারের নির্দেশে নয়, একজন কোর্ট অফিসার হিসেবে আমি এই মামলা করেছি।