পানি আইন ও বিধিমালা বাস্তবায়নের আহবান

রাজশাহীতে কর্মশালায় মো. রোকন উদ-দৌলা

স্টাফ রিপোর্টার, রাজশাহী

‘বাংলাদেশ পানি আইন-২০১৩ এবং বাংলাদেশ পানি বিধিমালা-২০১৮ এর বিধানাবলী অবহিতকরণ’ শীর্ষক বিভাগীয় কর্মশালা শনিবার রাজশাহীর জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। পানিসম্পদ মন্ত্রণালয়ের পানি সম্পদ পরিকল্পনা সংস্থা (ওয়ারপো) আয়োজিত কর্মশালা প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার মো. নূর-উর রহমান। সম্মানিত অতিথি ছিলেন রাজশাহীর বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ মীর শফিকুল আলম। প্রধান আলোচক ছিলেন পানিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. রোকন উদ-দৌলা। স্বাগত বক্তব্য দেন পানি সম্পদ পরিকল্পনা সংস্থার মহাপরিচালক মো. মাহমুদুল হাসান। কর্মশালায় সভাপতিত্ব করেন রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. আনওয়ার হোসেন। কর্মশালার প্রেক্ষাপট উপস্থাপন করেন প্রকৌশলী রেজাউল করিম। এছাড়া রাজশাহী ওয়াসার তত্ত্বাবধায়ক প্রকৌশলী পারভেজ মামুদ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. চৌধুরী সারওয়ার জাহান সজল, ওয়ারপোর পরিচালক (কারিগরী) মোহাম্মদ তৌফিকুল ইসলাম ও সাংবাদিক আনোয়ার আলী হিমুসহ রাজশাহী বিভাগের বিভিন্ন জেলায় কর্মরত পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা উন্মুক্ত আলোচনায় অংশ নেন।

অতিরিক্ত সচিব রোকন উদ-দৌলা বলেন, দেশের প্রতিটি গ্রাম, শহর, বন্দর, সর্বত্র সকলের জন্য বিশুদ্ধ পানির প্রয়োজনীয়তা অপরিসীম। তিনি পানি আইন ও বিভিমালার সফল বাস্তবায়নে সংবিধান এবং বিভিন্ন আইনের বিধান ও ধারা তুলে ধরেন। বাংলাদেশ পানি আইন-২০১৩ এবং পানি বিধিমালা-২০১৮ বাস্তবায়ন করতে পারলে দেশে ভবিষ্যতে পানি সংক্রান্ত কোনো সমস্যার সৃষ্টি হবে না বলেও মন্তব্য করে তিনি বিভিন্ন জাতীয় সমস্যার মতই পানি সংক্রান্ত বিভিন্ন সমস্যা তুলে ধরার জন্য গণমাধ্যমের প্রতি আহবান জানান। সম্মানিত অতিথি মীর শফিকুল আলম জাতীয় পানি আইন ও পানি বিধিমালা বাস্তবায়নে প্রশাসন ও আইন প্রয়োগকারী সংস্থার প্রতি আহবান জানান। প্রয়োজনে মোবাইল কোর্ট পরিচালনারও পরামর্শ দেন তিনি।