চট্টগ্রামে এইডস দিবসে নাটক
প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০১২, ১৭:৩০
বিশ্ব এইডস দিবস পালন উপলক্ষে গত শনিবার চট্টগ্রামে আন্তর্জাতিক দাতা সংস্থা কনসার্ন ওয়ার্ল্ডওয়াইড, সূর্যের হাসি ক্লিনিক ইমেজ ও নিষ্কৃতি- ইন্টিগ্রেটেড আরবান নিউট্রিশান প্রজেক্ট-এর যৌথ ব্যবস্থাপনায় বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। এ উপলক্ষে দেশের স্বনামধন্য ৫টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ‘সাক্ষর অভিযান’ এবং পরে জিইসি মোড়ে এক ব্যতিক্রমধর্মী ‘ফ্ল্যাশ মব’-এর আয়োজন করা হয়। ‘ফ্ল্যাশ মব’ এ পথনাটকের মাধ্যমে এইডস-এর প্রতিপাদ্য বিষয় এবং এর ভয়াবহতা উপস্থিত দর্শকদের সম্মুখে তুলে ধরা হয়।
এইডস সম্পর্কে আপামর জনসাধারণ, বিশেষ করে কোমলমতি ছাত্র-ছাত্রী, ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর শিরায় মাদক গ্রহণকারীদের মাঝে সচেতনতা সৃষ্টি ও বৃদ্ধির জন্য এ কর্মসূচি গ্রহণ করা হয়। কারণ বর্তমান প্রজন্ম ভবিষ্যতের সম্পদ। তাদেরকে উন্নয়নমুখী সম্পদে পরিণত করতে এইডস সম্পর্কে জানার ও তা মেনে চলার বিকল্প নেই। দায়িত্বশীল জীবন যাপন করে এইড্স প্রতিরোধ করা যায় এবং পরিবার ও সমাজের মানুষকেও এইড্সমুক্ত রাখা যায়।