বিশ্ব মানবাধিকার দিবসে মানববন্ধন
প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০১২, ১৭:৩৫
গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠায় সংঘাতহীন রাজনীতির বিকল্প নেই। এ জন্য সরকারি ও বিরোধী দলকে সহিষ্ণু মনোভাব নিয়ে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে হবে। প্রশ্নবিদ্ধ যে কোন সমস্যা নিয়ে সরকারি ও বিরোধী দলকে আলোচনা করে সমাধান করতে হবে।
১০ ডিসেম্বর সোমবার বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে রাজধানীর জাতীয় প্রেসক্লাব সম্মুখে বাংলাদেশ মানবাধিকার সমন্বয় পরিষদ-বামাসপ আয়োজিত মানববন্ধনে বক্তারা এ কথা বলেন।
মানববন্ধনে বক্তারা আরো বলেন, মালালা বিশ্বে কন্যাশিশু শিক্ষা অধিকারের প্রথিকৃত হয়ে দাঁড়িয়েছে। নারী শিক্ষায় তার সাহসী পদক্ষেপ আমাদেরও অনুসরণ করতে হবে। তবে দেশের চলমান পরিস্থিতিতে সংঘাতময় রাজনীতিই আমাদের উন্নয়নের পথে প্রতিবন্ধকতা হয়ে দাঁড়িয়েছে। মানববন্ধনে বক্তারা সকলের অধিকার রক্ষায় রাজনৈতিক দলগুলোকে সহযোগিতামূলক মনোভাব ও কর্মকাণ্ড দেখানোর জন্য আহবান জানান।
‘রাজনীতি হোক মানবাধিকার প্রতিষ্ঠার ও সহিষ্ণুতার’ শীর্ষক মানববন্ধন কর্মসূচির নেতৃত্ব দেন বামাসপ সহ-সভাপতি ড. গোলাম রহমান ভুঁইয়া। বক্তব্য রাখেন সংগঠনের কোষাধ্যক্ষ শেখ আরিফ আহমেদ, মাপসাস’র নির্বাহী প্রধান গোলাম রাব্বানী জামিল, এডভাইজার ওয়েলফেয়ার অর্গানাইজেশ’র মহাসচিব এডভোকেট জাকির হোসেন সিরাজী, ইকো সোসাইটির সাধারণ সম্পাদক মোহাম্মদ মনিরুল আলম, আলোড়ন-এর সভাপতি আনোয়ারুজ্জামান রতন, বিবর্তন সংঘের সাধারণ সম্পাদক মো. কামরুল হাসান, বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদের প্রধান সমন্বয়কারী নাসের ইকবাল যাদু, বামাসপ’র প্রোগ্রাম অফিসার নূরুল আমিন স্বপন প্রমুখ।
মানববন্ধন কর্মসূচিতে বামাসপ’র ৩০টি সদস্য সংগঠন ছাড়াও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।