প্রযুক্তির ভুলে!

প্রযুক্তি যেমন মানুষের জীবনকে সহজ করে তোলে ঠিক তেমনি কখনো কখনও প্রযুক্তির ভুল বা প্রযুক্তিগত সমস্যার কারণে মানুষকে অবর্ণনীয় দূর্ভোগের মুখেও পড়তে হয়। আর এমন একটি ঘটনাই সম্প্রতি ঘটেছে অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া অঙ্গরাজ্যের একদল ব্যক্তির ক্ষেত্রে। প্রযুক্তির আশীর্বাদকে কাজে লাগিয়ে নির্ধারিত গন্তব্যে পৌঁছুতে গিয়ে উল্টো প্রযুক্তিকেই অভিশাপ দেওয়ার মতো অবস্থায় পৌঁছে গিয়েছিলেন এই ব্যক্তিরা। আর এসবই ঘটে খ্যাতনামা প্রযুক্তি পণ্য ও সেবাদানকারী প্রতিষ্ঠান অ্যাপলের অ্যাপল ম্যাপস সেবা নিতে গিয়ে। অস্ট্রেলিয় পুলিশ জানিয়েছে, গেল কিছুদিনের মধ্যে তারা অ্যাপলের ম্যাপস সেবা নিয়ে পথ ভুল করা অন্তত ছয়জনকে উদ্ধার করেছেন। এ ছাড়া এ ধরনের ঘটনার প্রেক্ষিতে অ্যাপলের ম্যাপ ব্যবহার না করার জন্য একটি সতর্কবার্তাও জারি করা হয়েছে দেশটির ভিক্টোরিয়া অঙ্গরাজ্যের পুলিশের তরফ থেকে। ঘটনার বিবরণে জানা যায়, গত এক মাসেরও কম সময়ে অ্যাপল ম্যাপস এর কারণে পথ ভুল করেছেন এমন অন্তত ছয়জনকে গভীর জঙ্গলে যেয়ে পথ হারিয়ে ফেলার কারণে উদ্ধার করে ভিক্টোরিয়া পুলিশ। এ সময় সেখানে ৪৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ও খাবারের অভাবের কারণে প্রায় প্রত্যেককেই বাজে রকমের অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়েছে। এ ছাড়া গাড়ির জ্বালানী শেষ হয়ে যাওয়ার কারণে দূর্ভোগে পড়া কয়েকজন আরোহীকে দীর্ঘ সময় খাবার ও পানি ছাড়া কাটাতে হয়েছে বলেও জানিয়েছে ভিক্টোরিয়া পুলিশ। পরে ম্যাপের এই ভুল নিয়ে অনুসন্ধান করতে যেয়ে পুলিশ কর্মকর্তারা দেখতে পান যে ভিক্টোরিয়া অঙ্গরাজ্যের মিলদুরা নামের শহরটি অ্যাপল ম্যাপস এ যেখানে দেখানো হয়েছে সেটি আসলে মুরে সানসেট ন্যাশনাল পার্কের মাঝামাঝি একটি স্থানে অবস্থিত। এটি মূল গন্তব্যের চাইতে প্রায় ৪৪ মাইল দূরে অবস্থিত এবং এই পার্কের চারপাশের আবহাওয়া এতোটাই চরমভাবাপন্ন যে রাতে মাঝে মাঝে তাপমাত্রা ৪৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে। উল্লে¬খ্য ইতোপূর্বে আমেরিকা এবং ইউরোপের ব্যবহারকারীদের কাছ থেকেও অ্যাপলের এই সেবার মানের বিষয়ে প্রশ্ন ওঠে এবং কোনো কোনো ক্ষেত্রে শহরের নাম পাল্টে ফেলার অভিযোগও উঠেছে এই সেবাটির বিরূদ্ধে।