উখিয়ায় একটি ব্রিজের জন্য হাজারো মানুষের দুর্ভোগ
উখিয়া (কক্সবাজার) সংবাদদাতা
প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০১২, ২০:৪৯
রাজাপালং হিজলিয়া খালের উপর একটি মাত্র ব্রিজের কারণে ৫ গ্রামের ৭ হাজার মানুষকে প্রতি বর্ষা মৌসুমে পোহাতে হয় অভাবনীয় দুর্ভোগ।
সরেজমিনে এ উপজেলা সদরের রাজাপালং ইউনিয়নের খালকাছাপাড়া, খয়রাতিপাড়া, বড়ুয়াপাড়া, দুছরী ও তুতুরবিল গ্রাম ঘুরে দেখা য়ায়, উক্ত ৫ গ্রামের মধ্য দিয়ে বয়ে যাওয়া হিজলিয়া খাল পার হয়ে উখিয়া সদর এলাকার সাথে নিত্য যোগাযোগ রক্ষা করতে হয় প্রায় ৭ হাজার মানুষকে। খালকাছাপাড়া গ্রামের কেশরী মোহন বড়ুয়া জানান, গ্রামবাসীর স্বেচ্ছাশ্রমে নির্মিত কাঠের সেতু পারাপার হয়ে ছোট ছোট ছেলে- মেয়েদের স্কুলে আসা-যাওয়া করতে হয়। গত বর্ষা মৌসুমে উক্ত স্কুলে যাওয়ার জন্য কাঠের সেতু পার হতে গিয়ে ৩ শিশু পানিতে ভেসে যায়। পরে গ্রামবাসী তাদের অক্ষত অবস্থায় উদ্ধার করলেও অভিভাবকদের মনে আতংক থেকে যায়। এ কারণে বর্ষা মৌসুমে এসব এলাকার কোমলমতি ছাত্র-ছাত্রীদের স্কুল, মাদ্রাসায় যেতে দেয় না অভিভাবকরা।
খালকাছাপাড়া গ্রামের বৌদ্ধ মন্দির কমিটির সভাপতি বাবুল বড়ুয়া জানান, হিজলিয়া খাল ভরাট হয়ে যাওয়ার কারণে বর্ষা মৌসুমে উপচেপড়া পানির স্রোতে কাঠের সেতু ভেসে যায়। এ সময় এসব এলাকার গ্রামবাসীদের পানিবন্দি হয়ে মানবেতর দিনযাপন করতে হয়। মন্দির কমিটির সাধারণ সম্পাদক পরিমল বড়ুয়া জানান, হিজলিয়া খালের উপর একটি ব্রিজ নির্মাণের জন্য প্রশাসনের বিভিন্ন দপ্তরে আবেদন-নিবেদন করেও কোন সাড়া পাওয়া যায়নি। বাধ্য হয়ে এ কাঠের সেতুর উপর ভরসা করে ৫ গ্রামের ৭ হাজার মানুষকে চলাচল করতে হচ্ছে। স্থানীয় ইউপি সদস্য মৌলভী রুহুল আমিন জানান, উক্ত খালের উপর একটি ব্রিজ নির্মাণ করে দেয়ার ব্যাপারে বিগত সংসদ নির্বাচনের সময় উখিয়া-টেকনাফ আসনের সংসদ সদস্য আবদুর রহমান বদি প্রতিশ্রুতি দিলেও গত ৪ বছরেও তা বাস্তবায়ন হয়নি।