লালমনিরহাটে সেনাবাহিনীর চিকিত্সা ক্যাম্পেইন ও শীতবস্ত্র বিতরণ

গতকাল ১৩ ডিসেম্বর বৃহস্পতিবার লালমনিরহাট সদর উপজেলার হারাটী ইউনিয়ন পরিষদ মাঠে সেনাবাহিনীর ৬৬ ডিভিশনের শীতকালীন প্রশিক্ষণ কর্মসূচির পাশাপাশি বিনামূল্যে ভেটেনারী চিকিত্সা ক্যাম্পেইন ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়। লালমনিরহাট মিলিটারী ফার্মের সার্বিক ব্যবস্থাপনায় ও জেলা প্রাণী সম্পদ বিভাগের সার্বিক সহযোগিতায় পরিচালিত এই ক্যাম্পের উদ্বোধন করেন লালমনিরহাট মিলিটারী ফার্মের অধিনায়ক লেঃ কর্নেল নাজির আহমেদ। এ সময় মিলিটারী ফার্মের মেজর আশরাফুল আলম মণ্ডল, মেজর এখলাসুর রহমান, ক্যাপ্টেন শামীম আলম, জেলা ও উপজেলা প্রাণী সম্পদ বিভাগের কর্মকর্তা ভেটেনারী সার্জন হারাটী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাংবাদিকসহ স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এই কর্মসূচির আওতায় বিনামূল্যে ১ হাজার গরু ও মহিষের তড়কা (এ্যানথ্যাক্স) ৪ শ’ ছাগল ও ভেড়ার পিপিআর, ১ হাজার ২ শ’ হাঁসের ডাকপ্লেগ ও ১ হাজার মুরগির রানীক্ষেত রোগের টিকা প্রদান করা হয়। এ ছাড়াও ৭ শ’ গবাদিপশুকে কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো হয়। ক্যাম্পে গরু মোটাতাজা করণ গবাদিপশু পালন ও ব্যবস্থাপনাসহ অন্যান্য কারিগরি বিষয়ে কৃষকদের পরামর্শ প্রদান করা হয় এবং বিনামূল্যে লিফলেট বিতরণ করা হয়। একই স্থানে সেনাবাহিনীর তত্ত্বাবধানে ২ শতাধিক শীতার্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।