সুন্দরবনে নাবিকসহ কার্গো উদ্ধার
শরণখোলা (বাগেরহাট) সংবাদদাতা
প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০১২, ২০:৫২
বাগেরহাটের শরণখোলার কোস্টগার্ড সদস্যরা সুন্দরবনে দস্যুদের কবল থেকে সাত নাবিকসহ একটি কার্গো জাহাজ উদ্ধার করেছে। মঙ্গলবার সন্ধ্যায় পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের আন্দারমানিক এলাকা থেকে উদ্ধারের পর বুধবার এমবি নূরে সারছিনা নামের ওই জাহাজটি নিরাপদে গন্তব্যে ফিরে গেছে।
কোস্টগার্ড সূত্রে জানা যায়, এমবি নূরে সারছিনা নামের ওই কার্গো জাহাজাটি গত ৬ ডিসেম্বর ছাতকে পাথর বোঝাই করে মোরেলগঞ্জ উপজেলার সুন্দরবন সংলগ্ন জিউধরা ইউনিয়নের বড়ইতলা এলাকায় আসে। সেখানে আসার পর থেকেই বনদস্যু শান্ত বাহিনীর পরিচয় দিয়ে মোবাইল ফোনে এবং অজ্ঞাত পরিচয়ের লোকজন এসে জাহাজের মাস্টারের কাছে মোটা অংকের চাঁদা দাবি করে। এ ঘটনা তারা সংশ্লিষ্ট ঠিকাদার ও স্থানীয়দের জানান। পরে ঠিকাদাররা বিষয়টি শরণখোলা কোস্টগার্ডকে অবহিত করেন। পাথর খালাসের পর মঙ্গলবার সকাল ১০টার দিকে জাহাজটি সুন্দরবনের হরিণটানা রুট হয়ে আন্দারমানিক পৌঁছলে বনদস্যুরা জাহাজটি জিম্মি করে। এ সময় জাহাজের মাস্টার মোবাইল ফোনে ঘটনাটি শরণখোলা কোস্টগার্ড কমান্ডারকে জানালে তারা ওইদিন সন্ধ্যায় অভিযান চালিয়ে জাহাজটি নাবিকসহ উদ্ধার করেন। পশ্চিম জোনের শরণখোলা স্টেশন কমান্ডার মো. আনিসুর রহমান বলেন, খবর পেয়ে আমরা সুন্দরবনের ওই এলাকায় অভিযান চালাই। আমাদের বোট নিয়ে আন্দারমানিক খালে ঢোকার সময় দূর থেকে দস্যুরা আমাদের দেখে বনে পালিয়ে যায়।