বিভিন্নস্থানে সড়ক দুর্ঘটনায় নিহত চার

সিরাজগঞ্জ-রায়গঞ্জ সড়কের আলোকদিয়া ব্রিজের কাছে ট্রাক ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। পুলিশ জানায়, শুক্রবার সকালে দুই মোটর সাইকেল আরোহী সাতকিয়াবাড়ী থেকে সিরাজগঞ্জ সদর উপজেলার আলমপুর বাজারে আসার পথে আলোকদিয়া ব্রিজের কাছে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ বাধে। এতে ঘটনাস্থলে মোটর সাইকেল আরোহী সদর উপজেলার সাতকিয়াবাড়ির আব্দুর রাজ্জাকের পুত্র বাবু (১৯) ও একই এলাকার আবুল কালামের পুত্র সোহেল (২০) নিহত হয়। লোহাগড়া (নড়াইল) সংবাদদাতা \ লোহাগড়া-নড়াইল সড়কে কালনা মধুমতি ইটভাটা নামক স্থানে বাসের চাপায় নিহত ১। আহত ২ জনকে স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে। গতকাল শুক্রবার কালনা গ্রামের ব্রজলাল ঠাকুরের ছেলে বীরু ঠাকুর, কানাই বিশ্বাস ও নাসিমা বেগম উপজেলার লোহাগড়া-নড়াইল সড়কে মধুমতি ইটভাটা এলাকায় হাঁটতে থাকে। কালনা থেকে ছেড়ে আসা দ্রুতগামী বাস তাদেরকে পিছন থেকে চাপা দিলে ঘটনাস্থলে বীরু ঠাকুর (৪০) নিহত হয়। সেনবাগ সংবাদদাতা\ নোয়াখালী সেনবাগ উপজেলার সেবারহাট-প্রতাপপুর সড়কের রাজারামপুর কালী মন্দির নামকস্থানে বৃহস্পতিবার ট্রাকের সঙ্গে একটি সিএনজি অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে স্কুলছাত্রী নিহত ও অপর তিন শিক্ষার্থী আহত হয়েছে। নিহত স্কুলছাত্রীর নাম শারমিন আক্তার সেমুলি (১০)। সে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের উত্তর রাজারামপুর গ্রামের নুরুল হকের মেয়ে এবং সেবারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণীর ছাত্রী। স্থানীয় লোকজন ঘাতক ট্রাকটিকে আটক করলে চালক পালিয়ে যায়। সেনবাগ থানা পুলিশ ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নুরুল আফসার গতকাল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সাতক্ষীরা প্রতিনিধি \ সাতক্ষীরা শহরের অদূরে ছয়ঘরিয়া মোড়ে গতকাল শুক্রবার সকালে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঐ ট্রাকের হেলপার নিহত হয়েছে। এঘটনায় পুলিশ ট্রাক ড্রাইভারকে আটক করেছে। নিহত হেলপারের নাম ইমদাদুল হক (২০)। তার বাড়ি সাতক্ষীরা সদর উপজেলার বেলেডাঙ্গা গ্রামে। আটককৃত ট্রাক ড্রাইভারের নাম কামাল হোসেন (৩৫)। সে সদর উপজেলার দত্তবাগ এলাকার জামাল উদ্দীনের ছেলে। ঘাতক ট্রাকটির নম্বর রংপুর-ট-০৫-০০৭৭। পুলিশ ঘটনা স্থল থেকে ঘাতক ট্রাকসহ তার ড্রাইভার কামালকে আটক করে সদর থানায় নিয়ে আসে।