বিশ্বজিতের খুনিদের শাস্তির দাবিতে হিন্দু মহাজোটের মানববন্ধন
প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০১২, ২১:০৭
বিশ্বজিত্ হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার ও শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট। শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধন থেকে সংগঠনের নেতারা এ দাবি জানান। মানববন্ধনে উপস্থিত ছিলেন বিশ্বজিতের চাচাতো ভাই রবিন কুমার দাস, ফুফাতো বোন বিউটি বণিক, সংগঠনের মহাসচিব গোবিন্দ চন্দ্র প্রমানিক, পলাশ কান্তি দে, অধ্যাপক আনন্দ বিশ্বাস প্রমুখ।
বিশ্বজিতের ভাই রবিন সাংবাদিকদের বলেন, আমরা নিরীহ মানুষ, আমরা কোন রাজনীতির সঙ্গে যুক্ত নই। মিডিয়ার কল্যাণে সারাদেশের মানুষ জানতে পারে কী নৃশংসভাবে কারা বিশ্বজিতকে খুন করেছে। এ ক্ষেত্রে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন রবিন কুমার। তিনি জানান, বিশ্বজিতের শেষকৃত্য অনুষ্ঠানের পর ধর্মীয় বাধ্যবাধকতার কারণে বিশ্বজিতের মা-বাবা ভাই ও ভাবী মানববন্ধনে আসতে পারেননি।
তিনি আরও জানান, পুত্রশোকে বিশ্বজিতের বাবা অনন্ত কুমার দাস ও মা কল্পনা রানী দাসের মুখে কোন খাবার দেয়া যাচ্ছে না। তারা অসুস্থ হয়ে পড়েছেন। বিশ্বজিতের বোন বিউটি বণিক তার ভাইয়ের হত্যার বিচার চেয়ে কান্নায় ভেঙ্গে পড়েন।