ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (ফিকি) শনিবার রাজধানীর একটি হোটেলে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে ৫৫ বছরের যাত্রা উদযাপন করেছে। ফিকি ১৯৬৩ সালের ১ জুলাই যাত্রা শুরু করে। পরবর্তীতে তত্কালীন চট্টগ্রামের আগ্রাবাদের নামানুসারে ‘আগ্রাবাদ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি নামে পরিচিতি পায়। এরপর ১৯৮৭ সালে, চেম্বারটি ঢাকায় স্থানান্তরিত হয় এবং ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ফিকি) নামে রূপান্তরিত হয়। বর্তমানে ফিকি দুইশর বেশি সদস্য নিয়ে প্রায় ৮৫ শতাংশ বৈদেশিক বিনিয়োগের সঙ্গে পরোক্ষভাবে সম্পৃক্ত রয়েছে। বাংলাদেশে জীবনযাত্রার মানোন্নয়নে অপরিসীম অবদান রাখায় ফিকি তিনটি প্রতিষ্ঠানকে শনিবার সম্মাননা দিয়েছে। প্রতিষ্ঠানগুলো হলো- বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা), জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এবং বাংলাদেশ পুলিশ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, এমপি। অনুষ্ঠানে ফিকির সভাপতি শেহজাদ মুনিম ছাড়াও ফিকির সাবেক সভাপতি, নির্বাহী কমিটির সদস্য, বিদেশি প্রতিনিধি, কূটনৈতিকরা উপস্থিত ছিলেন।