বার্সেলোনা ও অ্যাতলেটিকো দ্বৈরথ কাল

বার্সেলোনা এ সপ্তাহে অ্যাতলেটিকো মাদ্রিদের মোকাবেলা শেষে লা লিগায় নয় পয়েন্টের ব্যবধান গড়ে নেয়ার সুযোগ পাবে। স্পানিশ লিগে আগামীকাল রবিবারের খেলাটিতে দুই স্ট্রাইকার লিওনেল মেসি ও র্যাডামেল ফ্যালকাওয়ের দ্বৈরথও দেখা যাবে বলে তা বৈশ্বিক ফুটবলামোদীদের ব্যাপক মনোযোগ আকর্ষণ করবে। শিরোপা পুনরুদ্ধারে প্রয়াসী বার্সা এখন তাদের চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের চাইতে লা লিগায় ১১ পয়েন্টের ব্যবধানে এগিয়ে চলেছে। শিরোপাধারী রিয়ালের এমন হতশ্রী দশার মধ্যে বার্সাকে চ্যালেঞ্জ জানিয়ে আসছে অ্যাতলেটিকো মাদ্রিদই। এরকম পরিস্থিতির মধ্যেই আগামীকাল ন্যূ ক্যাম্পে স্বাগতিক বার্সেলোনার মুখোমুখি হচ্ছে অ্যাতলেটিকো মাদ্রিদ। বার্সার প্রাণভোমরা জাভি হার্নানন্দেজ অনুভব করছেন শিরোপা লড়াইয়ে সামিল হওয়া অ্যাতলেটিকোর গতিরোধ করার একটা সুযোগ আসছে তাদের সামনে। চলতি মৌসুমটা বার্সেলোনার জন্য স্বপ্নের মতো যাচ্ছে। লা লিগায় নিজেদের সেরা সূচনার পর টিটো ভিলানোভার দল ১৫ ম্যাচের ১৪টিতেই জয়ী হয়েছে। শুধু তাই নয় আবার সুযোগ এসেছে রিয়াল মাদ্রিদের কাছ থেকে শিরোপা ফিরে পাওয়ার। হোসে মরিনহোর দল পেরে উঠছে না এবার। কিন্তু অ্যাতলেটিকো মাদ্রিদ দূরন্ত গতির ফুটবল উপহার দিয়ে দুর্দান্ত প্রতাপে এগিয়ে চলেছে। বর্তমানে কাতালানদের চাইতে অ্যাতলেটিকো ছয় পয়েন্টে পিছিয়ে আছে। অ্যাতলেটিকো ১৫ খেলায় জয় পেয়েছে ১২টিতে। কাগজে কলমে শিরোপা লড়াইয়ে পিছিয়ে পড়েছে রিয়াল মাদ্রিদ। জাভি আগেভাগেই কিছু বলতে অপারগ। তিনি বলেন, ‘আসলে আগেভাগে বলা সম্ভব নয় সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী কে হবে। এই মুহূর্তে মনে হচ্ছে দুটি দলই বড় প্রতিদ্বন্দী। অ্যাতলেটিকো শক্তিশালী। অনেকে বলে তারা গড়িয়ে পড়তে পারে, বাস্তবে তা হয়নি। তবে এই সপ্তাহে আমাদের সামনে সুযোগ এসেছে তাদের আরো পিছিয়ে দেয়ার। তাদের যাত্রাটা দুর্দান্ত। পাল্টা আক্রমণে তারা অনেক ভাল খেলে। তাদের স্ট্রাইকার ফ্যালকাও (রাদামেল) দলটির অনুপ্রেরণা। কোচ সিমোনে (ডিয়েগো) ভাল কাজ করছেন। তাদের রক্ষণ কৌশলও ভাল। অ্যাতলেটিকো নিকটতম প্রতিদ্বন্দ্বী হলেও রিয়াল মাদ্রিদ শিরোপা দৌড়ের বাইরে চলে যায়নি। যে কোন বিচারেই তারা ভাল খেলে।’ ফ্যালকাও গত সপ্তাহান্তে পাঁচ গোল করেন দির্পোটিভো লা করুনার বিপক্ষে। আর ফ্যালকাওয়ের পাঁচ গোলে ভর করে অ্যাতলেটিকো মাদ্রিদ জয় তুলে নেয় ৬-০ ব্যবধানে। লিগে ফ্যালকাওয়ের গোল এখন ১৬টি। বার্সেলোনার লিওনেল মেসি করেছেন ২৩ গোল। ফ্যালকাও বলেন, ‘দলগতভাবে আমরা এখন দৃঢ় মানসিকতার অধিকারী যা ন্যূ ক্যাম্পে আমাদের সাহায্য করবে। আমাদের কঠিন সময় গিয়েছে কিন্তু আমরা তা থেকে বের হয়ে এসেছি।’ এদিকে রিয়াল মাদ্রিদও মাঠে নামবে আগামীকাল। নিজেদের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে এস্পানিয়লের মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়নরা। কোচ মরিনহোর দলটি লিগে গত শনিবার জার্মান তারকা মেসুত ওজিলের নৈপূন্যে ভ্যালাডোলিডের বিপক্ষে ৩-২ গোলে জয়ী হয়। কিন্তু মধ্যসপ্তাহে কোপা ডেল রে তে শেষ ষোলোর প্রথম লেগে সেল্টা ভিগোর কাছে ১-২ গোলে হেরে যায়। রিয়াল মাদ্রিদ ৩২ পয়েন্ট নিয়ে লা লিগায় তিন নম্বরে অবস্থান করছে। বার্সেলোনার অর্জন ৪৩ পয়েন্ট এবং অ্যাতলেটিকোর ৩৭। আজ চতুর্থ স্থানে থাকা মালাগা সেভিয়ার মুখোমুখি হবে। সেভিয়া ১৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে ১১ নম্বরে অবস্থান করছে। মালাগার সমান ২৫ পয়েন্ট অর্জনকারী বেটিস সোমবার সেল্টা ভিগোর মুখোমুখি হবে। লা লিগায় আজ শনিবার গেটাফে-ওসাসুনা মার্য়োকা-অ্যাথলেটিকো বিলবাও গ্রানাডা-রিয়াল সোসিদাদ সেভিয়া-মালাগা রবিবার রিয়াল জারগোজা-লেভান্তে ভ্যালেন্সিয়া-রায়ো ভায়েকানো রিয়াল মাদ্রিদ-এস্পানিয়ল বার্সেলোনা-অ্যাতলেটিকো মাদ্রিদ সোমবার দির্পোটিভো লা করুনা-রিয়াল ভ্যালোডোলিড সেল্টা ভিগো-রিয়াল বেটিস