লিজা মহিলা দাবায় চ্যাম্পিয়ন
প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০১২, ২১:২০
নারায়ণগঞ্জের আন্তর্জাতিক মহিলা মাস্টার শামীমা আক্তার লিজা বেগম লায়লা আলম ষষ্ঠ আন্তর্জাতিক রেটিং মহিলা দাবায় চ্যাম্পিয়ন হয়েছেন। লিজা মোট ছয় পয়েন্ট পেয়েছেন। গতকাল দাবা কক্ষে অনুষ্ঠিত সপ্তম বা শেষ রাউন্ডের খেলায় লিজা, মহিলা ফিদে মাস্টার জাকিয়া সুলতানা এবং আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ তিন জনেই ছয় পয়েন্ট করে অর্জন করায় টাই-ব্রেকিং পদ্ধতির বুশলজ স্কোরে লিজা চ্যাম্পিয়ন হন। জাকিয়া রানারআপ এবং রানী হামিদ তৃতীয় স্থান পান। এ প্রতিযোগিতায় মোট ৩৬ জন খেলোয়াড় অংশ নেন।
চট্টগ্রামে লিবার্টি ভলিবল লিগের প্রথম
পর্ব শেষ
আজ থেকে সুপার ফোর পর্ব
স্পোর্টস রিপোর্টার, চট্টগ্রাম অফিস
মোহামেডান স্পোর্টিং ক্লাব, ব্রাদার্স ইউনিয়ন, বাকলিয়া একাদশ ও ক্রিসেন্ট ক্লাব লিবার্টি ভলিবল লিগের সুপার ফোর পর্ব নিশ্চিত করেছে। সুপার ফোর পর্ব আজ থেকে শুরু হবে।
গতকাল শুক্রবার চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়ামে লিগের প্রথম পর্বে পাঁচলাইশ যুব সংঘ ২-১ সেটে (২৫-২০, ২১-২৫, ২৫-১১) আগ্রাবাদ নওজোয়ান গ্রীনকে, দ্বিতীয় ম্যাচে ব্রাদার্স ইউনিয়ন ২-০ সেটে (২৫-৭, ২৫-৫) চন্দনপুরা একাদশকে এবং সর্বশেষ ম্যাচে বাকলিয়া একাদশ ২-১ সেটে (২৫-১০, ২৫-১২, ১৮-২৫) মাদারবাড়ি মুক্তকণ্ঠ ক্লাবকে পরাস্ত করে। এর আগে বাকলিয়া একাদশ অন্য একটি ম্যাচে ২-০ সেটে (২৫-১৫,২৫-১০) হারায় বার্ডস স্পোর্টস ক্লাবকে।
এডিলেডের সাথে দুই বছরের চুক্তিতে আর্জেন্টাইন নিউম্যান
অস্ট্রেলিয়ান পেশাদার লিগ এ-লীগের ক্লাব এডিলেডের সাথে দুই বছর চুক্তি বৃদ্ধি করেছেন জনপ্রিয় আর্জেন্টাইন ফরোয়ার্ড জেরোনিমো নিউম্যান। বৃহস্পতিবার ক্লাবের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করেছে।
নিউম্যান ছাড়াও আরেক আর্জেন্টাইন মার্সেলো কারুসকা চলতি মৌসুমে এ-লীগে রেডসের হয়ে খেলছেন। অস্ট্রেলিয়ায় পৌঁছানোর পর থেকে আর্জেন্টাইনদের নিয়ে দারুণ মাতামাতি শুরু করেছে অস্ট্রেলিয়ানরা। আর এসবকিছু দারুণ উপভোগ করছেন নিউম্যান। তাই দারুণ এই ক্লাবের সাথে আরো বেশিদিন থেকে যাবার সিদ্ধান্ত নিয়েছেন আর্জেন্টাইন এই ফরোয়ার্ড। -বাসস/এএফপি