টি-টোয়েন্টি সিরিজে খেলবেন না ব্রড

বাঁ পায়ের ইনজুরির কারণে ভারতের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন এই ঘরানার ক্রিকেটে ইংল্যান্ডের অধিনায়ক স্টুয়ার্ট ব্রড। ব্রডের পরিবর্তে ইংল্যান্ড দলের নেতৃত্ব দেবেন ইয়ন মরগান। ২০ ডিসেম্বর পুনেতে প্রথম টি-টোয়েন্টি ম্যাচটি অনুষ্ঠিত হবে। এরপর ২২ ডিসেম্বর মুম্বাইতে অনুষ্ঠিত হবে দ্বিতীয় ম্যাচ। ব্রড বিশ্রাম ও পুনর্বাসনের জন্য খুব শিগগিরই দেশে ফিরে যাবেন। তার স্থলাভিষিক্ত হবেন ইংল্যান্ড পারফরমেন্স প্রোগ্রামের হয়ে বর্তমানে ভারতের পুনেতে অবস্থান করা জেমস হ্যারিস। ২২ বছর বয়সী ক্রিকেটারটির এখনো আন্তর্জাতিক অভিষেক হয়নি। ইনজুরিতে পড়া পেসার স্টিভেন ফিনও দেশে ফিরে যাবেন। আগামী জানুয়ারি মাসে উভয় দলের মধ্যে শুরু হওয়া ওয়ানডে সিরিজে ফিন দলের সংগে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে। -বাসস/পিটিআই