ভারতীয় টি-টোয়েন্টি দল
বালাজির পরিবর্তে বিনয় কুমার
প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০১২, ২১:২৬
ডান পায়ে ইনজুরির কারণে ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন টি-টোয়েন্টি দল থেকে ভারতীয় পেসার লক্ষ্মীকান্ত বালাজি নাম প্রত্যাহার করে নিয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) জানায়, বালাজির পরিবর্তে কর্নাটকের পেসার বিনয় কুমারকে দলে নেয়া হয়েছে।
বিসিসিআই সম্পাদক সঞ্জয় জাগডালে এক বিবৃতিতে বলেন, ‘ডান পায়ে ইনজুরির কারণে ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন এয়ারটেল টি-টোয়েন্টি আন্তর্জাতিক সিরিজ থেকে বালাজি নাম প্রত্যাহার করে নিয়েছেন। অল ইন্ডিয়া সিলেকশন কমিটি তার বদলি হিসেবে বিনয় কুমারকে দলে নিয়েছে।
ভারতের ঘরোয়া রনজি ট্রফিতে চার ম্যাচে তামিল নাড়ুর হয়ে ১১ উইকেট শিকার করেছেন বালাজি। অবশ্য বিনয় কুমারও চলতি মৌসুমে ঘরোয়া ক্রিকেটে ভাল নৈপুণ্য দেখিয়ে চলেছেন।
চার ম্যাচে কর্নাটকের হয়ে ১৭ উইকেট নিয়েছেন তিনি। আগামী ২০ ও ২২ ডিসেম্বর পুনে ও মুম্বাইতে ভারত-ইংল্যান্ডের মধ্যকার দু’টি টি-২০ ম্যাচ অনুষ্ঠিত হবে।— বাসস