থার্টি ফার্স্টে মুক্তার সেলফ টাইটেলড্ অ্যালবাম
প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০১২, ২১:৪০
নতুন বছর উপলক্ষে নিজের নতুন একক অ্যালবাম নিয়ে শ্রোতাদের সামনে হাজির হচ্ছেন এ প্রজন্মের কণ্ঠশিল্পী মুক্তা মজুমদার। এটি তার ক্যারিয়ারের দ্বিতীয় একক। সময়ের আলোচিত ৮ সুরকারের সুরে এই অ্যালবামটি সাজিয়েছেন তিনি। অ্যালবামের নাম রাখা হয়েছে তার নিজের নামেই, অর্থাত্ ‘মুক্তা’। সিডি চয়েজের ব্যানারে ৩১ ডিসেম্বর থার্টি ফার্স্টে প্রকাশ পাবে অ্যালবামটি। মুক্তার প্রথম একক প্রকাশিত হয়েছিল ২০০৯ সালে। সেটি ছিল একটি ক্লাসিক্যাল আধুনিক গানের অ্যালবাম। এরপর দীর্ঘ তিন বছর ধরে নিজের এই আধুনিক গানের অ্যালবামের কাজ গুছিয়েছেন তিনি। বাংলাদেশের বাইরে ভারতের সংগীত পরিচালকও কাজ করেছেন তার এই অ্যালবামে। মুক্তার এই অ্যালবামে গান রয়েছে মোট ৯ টি।