ইত্তেফাক রিপোর্ট
বিদেশে চাকরি খোঁজার নিরাপদ মাধ্যম হিসাবে অনলাইন জব পোর্টাল বিদেশ জবস্ এর যাত্রা শুরু হয়েছে। ওয়েবসাইট ও মোবাইল অ্যাপসের মাধ্যমে চাকরির জন্য বিদেশ যেতে ইচ্ছুক কর্মীরা আবেদন করতে পারবে। গতকাল রবিবার রাজধানীর একটি হোটেলে এ সেবার উদ্বোধন হয়।
জাতিসংঘের অঙ্গ প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল অরগানাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম) এবং জবপোর্টাল বিডিজবস্ যৌথভাবে এ ওয়েবসাইট ও মোবাইল অ্যাপটি তৈরি করেছে। আর সার্বিক তত্ত্বাবধানে ছিল প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ও ব্যুরো অফ ম্যানপাওয়ার, এমপ্লয়মেন্ট অ্যান্ড ট্রেইনিং (বিএমইটি)। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, আইওএম এর ডেপুটি মিশন প্রধান শ্যারন ডিমানশ্, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নাসরিন জাহান, বিএমইটির মহাপরিচালক সেলিম রেজা, বাংলাদেশ এসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিস (বায়রা) এর মহাসচিব শামিম আহমেদ চৌধুরী নোমান, বিডিজবস ডট কমের প্রধান নির্বাহী ফাহিম মাশরুর প্রমুখ।