চট্টগ্রাম বন্দর জেটিতে জাহাজে আগুন

চট্টগ্রাম বন্দরের চার নম্বর জেটিতে অবস্থানরত বিএসসির লবণবাহী জাহাজ ‘বাংলার মুখে’ গতকাল শুক্রবার সন্ধ্যায় অগ্নিকাণ্ড ঘটে। পৌনে ৬টায় জাহাজের ইকোনোমাইজারে অতিরিক্ত উত্তাপ থেকে আগুন লাগে। এতে জাহাজ থেকে কুণ্ডলি পাকিয়ে ব্যাপকভাবে কালো ধোঁয়া নিঃসরণ ঘটতে থাকে। এই অগ্নিকাণ্ডের ঘটনায় বন্দরের জেটি এলাকায় আতংক ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণের জন্য চট্টগ্রাম বন্দরের ফায়ার সার্ভিস, আগ্রাবাদ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ইউনিট, বন্দরের মেরিন ডিপার্টমেন্টের টাগবোট এবং নৌবাহিনীর অগ্নিনির্বাপক দল সমন্বিতভাবে আগুন নেভানোর জন্য ঘটনাস্থলে ছুটে আসে। তারা প্রায় এক ঘণ্টা প্রচেষ্টার মাধ্যমে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। বাংলাদেশ শিপিং কর্পোরেশনের (বিএসসি) কর্মকর্তারা জানান, বাংলার মুখ একটি পুরনো জাহাজ। ব্রেকবাল্ক ধাঁচের জাহাজটির ভেতরের গরম ধোঁয়া রাসায়নিক উদ্বায়ু পদার্থ চিমনি দিয়ে নির্গমনের জন্য যে ইকোনোমাইজার যন্ত্র রয়েছে, সেটি পুরনো হওয়ায় তাতে অত্যধিক উত্তাপের কারণে আগুনের সূত্রপাত হয়। এতে করে বিপুল পরিমাণ কালো ধোঁয়ার সৃষ্টি হয়। জাহাজে জরুরি অবস্থা জারি করার পর বন্দর ফায়ার সার্ভিসসহ সংশ্লিষ্ট সবাইকে সতর্কতা সংকেত পাঠানো হয়। ফলে সমন্বিত প্রচেষ্টায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে আসে বলে বিএসসির কর্মকর্তারা জানান। তারা বলেন, এতে বড় ধরনের ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে। মেরিন মার্কেন্টাইল ডিপার্টমেন্টের প্রিন্সিপ্যাল অফিসার ক্যাপ্টেন হাবিবুর রহমান জানান, জাহাজের ইঞ্জিন রুমে নয়, জাহাজের ফানেলে ধোঁয়া সরবরাহকারী ইকোনোমাইজারে এই অগ্নিকাণ্ড ঘটে। তবে আগুন নিভিয়ে ফেলা সম্ভব হয়েছে। বিএসসির কর্মকর্তারা জানান, বাংলাদেশের কয়েকটি বেসরকারি প্রতিষ্ঠান কর্তৃক ভারত থেকে আমদানিকৃত ব্যাগভর্তি লবণ চট্টগ্রাম বন্দরের ৪নং জেটিতে খালাসকালে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। জাহাজটি গতকাল সকালে চট্টগ্রাম বন্দরের ৪নং জেটিতে আসে। চট্টগ্রাম বন্দরের বেতার নিয়ন্ত্রণ কক্ষ জানায়, জাহাজ ভারত থেকে ১০ হাজার টন লবণ নিয়ে গত ২৩ নভেম্বর চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছায়। জাহাজটিকে সকালে বার্থিং দেয়া হয়। আগ্রাবাদ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিসের উপ-সহকারী পরিচালক সুভাষ চন্দ দেবনাথ সন্ধ্যায় জানান, বিএসসির জাহাজ ‘বাংলার মুখ’-এর ইঞ্জিন রুমে সংগঠিত অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আনা হয়েছে। ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে। সন্ধ্যায় বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক কমোডর মকসুমুল কাদের ইত্তেফাককে বলেন, ইঞ্জিন রুমে নয়, জাহাজের ইকোনোমাইজারে অত্যধিক উত্তাপের কারণে আগুন ধরে যায়। এতে বিপুল পরিমাণ কালো ধোঁয়া নির্গত হয়। এই ঘটনায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হওয়ায় জাহাজের ক্ষতি খুবই সামান্য। তবে তিনি জানান, জাহাজটি পুরনো হওয়ায় এ ধরনের ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। এর কারণ অনুসন্ধানে বিএসসির শিপ রিপেয়ার বিভাগের জেনারেল ম্যানেজার আবু হেলালকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তারা এই ঘটনার কারণ অনুসন্ধান শুরু করে রিপোর্ট প্রদানের কাজ শুরু করেছেন। বাংলাদেশ শিপিং কর্পোরেশনের বর্তমান জাহাজ বহরের ১৩টি জাহাজের মধ্যে অধিকাংশই মেয়াদোত্তীর্ণ ও জরাজীর্ণ। এসব জাহাজ বাংলাদেশের আশপাশের দেশগুলোর বন্দর থেকে কাঠের গুড়ি, লবণ, খাদ্যশস্য ও খোলা পণ্য বহন করে থাকে। এগুলো সমুদ্র বাণিজ্যের দূরবর্তী বন্দরে যাওয়ার সক্ষমতা নেই।