চাঁদের মহাকর্ষ মানচিত্র তৈরির মিশন শেষ

চাঁদের মহাকর্ষ মানচিত্র তৈরির মিশন শেষ হয়েছে। চাঁদের মাটির নিচে কী আছে তা অনুসন্ধানের জন্য এক বছর ধরে চালানো গবেষণার পর সেখানে পাঠানো দুটি ছোট স্বয়ংক্রিয় অনুসন্ধান মহাকাশযান ধ্বংস করার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা। বৃহস্পতিবার নাসার কর্মকর্তারা জানিয়েছেন, আগামী সোমবার মহাকাশযান দুটি ধ্বংস করা হবে। খবর রয়টার্সের। গবেষণাগারের সুবিধাসম্পন্ন ওই দুটি যমজ মহাকর্ষ অনুসন্ধান যন্ত্র বা গ্রেইল (গ্র্যাভিটি রিকভারি এন্ড ইন্টেরিয়র ল্যাবরেটরি) মহাকাশযান সোমবার চাঁদের উত্তর মেরুর পার্বত্য এলাকায় ‘আত্মঘাতী ঝাঁপ’ দেবে। চাঁদে থাকা এ্যাপোলো ও অন্যান্য অভিযানের স্মারকগুলোর সব ধরনের ক্ষতি এড়াতেই এই ‘আত্মঘাতী ঝাঁপের’ জন্য উত্তর মেরু অঞ্চলটি বেছে নেয়া হয়েছে। সোমবার আন্তর্জাতিক সময় ২২ :২৮-এর পর থেকে ২০ সেকেন্ডের মধ্যে যান্ত্রিক ‘আত্মহত্যার’ এ ঘটনাটি সম্পন্ন করার পরিকল্পনা নেয়া হয়েছে। ধারণা করা হচ্ছে, ঘটনাটি পৃথিবী থেকে দেখা যাবে না। ক্যালিফোর্নিয়ার পাসাডেনায় নাসার জেট প্রপালশন ল্যাবরেটরিতে সাংবাদিক সম্মেলনে গ্রেইল প্রকল্পের পরিচালক ডেভিড লেহম্যান বলেন, সোমবার মহাকাশযান দুটি সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে। এক বছর কাজ করার পর মহাকাশযান দুটির জ্বালানি প্রায় ফুরিয়ে এসেছে। এটি এখন চন্দ্রপৃষ্ঠের মাত্র ৭ মাইল উপর দিয়ে ভ্রমণ করছে। মহাকাশযান দুটির প্রত্যেকটি একটি ছোট ওয়াশিং মেশিনের সমান। গত এক বছর ধরে যান দুটি চাঁদের মহাকর্ষ মানচিত্র তৈরির জন্য উপগ্রহটির খুব কাছকাছি ঘুরপাক খেয়েছে।