সাশ্রয়ী করতে চিকিত্সাসেবা খাতেও সামাজিক ব্যবসা চালু করতে হবে
প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০১২, ২২:৩৬
গতকাল শুক্রবার রাজধানীতে স্থানীয় একটি হোটেলে শুরু হয়েছে দু’দিনব্যাপী সপ্তম সার্ক ক্যান্সার সম্মেলন। সম্মেলনে প্রধান বক্তা হিসাবে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ গ্রামীণ ব্যাংকের সাবেক এমডি অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস তার সামাজিক ব্যবসার ধারণা চিকিত্সা ক্ষেত্রে বাস্তবায়নের আহ্বান জানিয়ে বলেন, দেশের সাধারণ মানুষের কাছে সাশ্রয়ী মূল্যে চিকিত্সা সেবা ও ওষুধ পৌঁছে দিতে হবে। এজন্য চিকিত্সাসেবা খাতেও সামাজিক ব্যবসার প্রচলন ঘটাতে হবে। এজন্য তিনি চিকিত্সক, এনজিওসহ সাধারণ মানুষকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান। আর এ ধরনের উদ্যোগের মাধ্যমে ওষুধ ও সেবা সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আনা যাবে। একইভাবে মোবাইল ফোন চিকিত্সা সেবার একটি মাধ্যম হিসাবে কাজ করতে পারে এমন অভিমত ব্যক্ত করে তিনি বলেন, প্রযুক্তির ব্যবহার সহজলভ্য করে মানুষ যাতে ঘরে বসেই প্রাথমিক চিকিত্সা সেবা পায় সে ব্যবস্থা করতে হবে। যাতে প্রাথমিকভাবে কাউকে চিকিত্সা কেন্দ্রে যেতে না হয়। বিশেষ করে মোবাইল ফোনের মাধ্যমে এ ধরনের চিকিত্সা সেবা দেয়া সম্ভব। প্রযুক্তির উন্নয়নের মাধ্যমে ভবিষ্যতে রোগ নির্ণয়ের অনেক কাজও মোবাইল ফোনের মাধ্যমে সমাধান করা সম্ভব হবে বলে তিনি মনে করেন।
ড. মুহাম্মদ ইউনূস গ্রামীণ ব্যাংকের সহযোগিতায় ঢাকার অদূরে একটি ক্যান্সার হাসপাতাল প্রতিষ্ঠা করার পরিকল্পনার কথা উল্লেখ করেন। তিনি ব্যবসায়ী, চিকিত্সক, এনজিওকর্মী সবাইকে মিলেই চিকিত্সার, বিশেষ করে ক্যান্সার চিকিত্সার উন্নয়ন করার আহ্বান জানান। অনকোলজি ক্লাবের প্রতিষ্ঠাতা সদ্য প্রয়াত প্রফেসর ইমেরিটাস ডা. এ বি এম ফজলুল করিম সম্পর্কে ড. ইউনূস বলেন, এ বরেণ্য ব্যক্তিত্ব কেবল একজন চিকিত্সকই ছিলেন না, তিনি ছিলেন সফল সংগঠক। যার উদ্যোগে এই সার্ক ফেডারেশন অব অনকোলজি গঠিত হয়েছে।
সার্ক ক্যান্সার সম্মেলনে সবচেয়ে ভালো উদ্যোগটি ছিলো ক্যান্সার বিজয়ীদের অভিজ্ঞতা ভাগাভাগি করে নেয়া। এই পর্বে ক্যান্সার বিজয়ী কয়েকজন তাদের অনুভূতির কথা তুলে ধরেন। সভাপতিত্ব করেন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার রফিক উল হক। যিনি নিজেও একজন ক্যান্সার বিজয়ী। তিনি বলেন, কোনো ক্যান্সার রোগী চিকিত্সা বঞ্চিত না হয় সে ব্যবস্থা করতে হবে। তিনি বলেন, ক্যান্সার চিকিত্সা অত্যন্ত ব্যয়বহুল। সাধারণ মানুষ যাতে চিকিত্সা পায় তার জন্য চিকিত্সার ব্যয়ভার কমিয়ে সাধারণ মানুষের সেবা নিশ্চিত করতে। সার্ক ফেডারেশন অব অনকোলজিস্টের সভাপতি অধ্যাপক ডা:এম এ হাইয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত কনফারেন্সে সংগঠনের পৃষ্ঠপোষক নেপালের বিশেষজ্ঞ ডা. মদন কুমার পিয়া, অনকোলজি ক্লাবের সহ-সভাপতি ডা. হাফিজুর রহমান আনসারী, কনফারেন্স আয়োজক কমিটির চেয়ারম্যান অধ্যাপক ডা. এএমএম শরীফুল আলম, ডা. আ ফ ম কামাল উদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন। ক্যান্সার সম্মেলনে যুক্তরাষ্ট্র, জাপান, জার্মান, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুরসহ বিভিন্ন দেশের ৫০ জন ক্যান্সার বিশেষজ্ঞ অংশ নেন। এছাড়া দেশের ৭ শতাধিক চিকিত্সকও সম্মেলনে অংশ নিয়েছেন।
সার্কদেশসমূহের ক্যান্সার বিশেষজ্ঞ চিকিত্সকবৃন্দের এই কনফারেন্স বাংলাদেশে দ্বিতীয়বারের মত অনুষ্ঠিত হচ্ছে। অনুষ্ঠানে অনকোলজি ক্লাব বাংলাদেশের প্রতিষ্ঠাতা মরহুম প্রফেসর ইমেরিটাস ডা. এ বি এম ফজলুল করিম এর উপর ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। এ প্রখ্যাত চিকিত্সাবিদের উদ্যোগেই ২০০১ সালে সার্ক ফেডারেশন অব অনকোলজিস্ট প্রতিষ্ঠিত হয়েছিল।
দুই দিনব্যাপী এ অনুষ্ঠানের প্রথম দিনে বিভিন্ন সেশনে ক্যান্সার রোগের উন্নত চিকিত্সা পদ্ধতি সম্পর্কে সর্বশেষ গবেষণালব্ধ তথ্য, আধুনিক জ্ঞান ও মতামত তুলে ধরেন চিকিত্সক-গবেষকগণ।