ইত্তেফাক রিপোর্ট
সামাজিক বৈষম্য কমাতে জনঅংশগ্রহণমূলক বাজেট প্রণয়নের আহ্বান জানিয়েছে জনবাজেট ২০১৯-এর আয়োজকরা। গতকাল রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ‘শান্তি ও সমতার জন্য বাজেট’ শীর্ষক দিনব্যাপী জনবাজেট সংসদ ২০১৯ বিকল্প বাজেট অধিবেশনে বক্তারা বলেন, অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা না গেলে রাজনৈতিক স্থিতিশীলতা হুমকির মধ্যে পড়বে। জাতীয় পরিকল্পনা ও বাজেট সম্পর্কিত সংসদীয় ককাসের আহ্বায়ক ফজলে হোসেন বাদশার সভাপতিত্বে জনবাজেট সংসদের উদ্বোধনী অধিবেশনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রাশেদ খান মেনন এমপি, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি মুজিবুল হক চুন্নু, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সাধারণ সম্পাদক রাজেকুজ্জামান রতন। অনুষ্ঠানে ফজলে হোসেন বাদশা বলেছেন, জেলা বাজেটের বিকল্প নেই। প্রবৃদ্ধি বাড়ার পাশাপাশি সামাজিক বৈষম্যও বেড়েছে। শহরের সঙ্গে গ্রামের বৈষম্য কমাতে জেলা বাজেটের বিষয়টি এবারের বাজেট আলোচনায় উত্থাপন করা হবে। বিশেষ অতিথির বক্তব্যে রাশেদ খান মেনন বলেন, খাত ধরে ধরে বাজেট প্রণয়নের বিষয়টি এখনো নিশ্চিত হয়নি ফলে বাজেটের সঙ্গে জনসম্পৃক্ততা বাড়ানো যায়নি। অধিকাংশ সংসদ সদস্য ব্যবসায়ী হওয়ায় বাজেট জনবান্ধব না হয়ে অনেকক্ষেত্রে ব্যবসায়ী বান্ধবও হয়ে উঠছে। বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমানের মতে, তরুণদের অনেক বেশি বাজেট সম্পর্কে সচেতন হতে হবে। তাদের মধ্য থেকে শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানসহ অন্যান্য বিষয় নিয়ে আলোচনা শুরু হলে সরকারও বাজেট প্রণয়নের ক্ষেত্রে সচেতন হবে।