শিক্ষা সংবাদ
আন্তর্জাতিক গোল্ড কোয়ালিটি ক্রাউন অ্যাওয়ার্ড পেল ইউএসটিসি
প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০১২, ১৮:৫৫
বাংলাদেশে গুণগত মানের শিক্ষা সেবায় অনন্য অবদানের স্বীকৃতি স্বরূপ আন্তর্জাতিক গোল্ড ‘কোয়ালিটি ক্রাউন’ অ্যাওয়ার্ড - ২০১২ পেল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্রগ্রাম (ইউএসটিসি)। সম্প্রতি লন্ডনে এক জনাকীর্ণ অনুষ্ঠানে এই বিশেষ অ্যাওয়ার্ড গ্রহণ করেন ইউএসটিসি’র সম্মানিত প্রতিষ্ঠাতা উপাচার্য জাতীয় অধ্যাপক ডা.নুরুল ইসলাম ও পরিচালক এ আই ইসলাম।
উল্লেখ্য, বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন ১৯৯২ পাশ হওয়ার পর ঢাকার বাইরে তথা বাণিজ্য ও বন্দরনগরী চট্রগ্রামে ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি চট্রগ্রাম (ইউএসটিসি) অথবা ‘বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চট্রগ্রাম’ই প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয়। যা ১৯৯২ সালের ৯ই নভেম্বর সরকারের অনুমতি লাভ করে। মেডিসিন ফ্যাকাল্টি এবং বেসিক মেডিকেল এন্ড ফার্মাসিউটিক্যাল ফ্যাকাল্টি নিয়ে ২৪শে জানুয়ারি ১৯৯৩’ এর শিক্ষা কার্যক্রম শুরু হয়। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ও বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল কর্তৃক অনুমোদিত হয় এর পাঠ্যক্রম।