অপুর ৭১

অনিমেষ আইচের রচনা ও আজাদ কালামের পরিচালনায় মুক্তিযুদ্ধের বিশেষ নাটক ‘অপুর ৭১’। এটি চ্যানেল নাইনে আজ রাত ১০টায় প্রচার হবে। এতে অভিনয় করেছেন—বিদ্যা সিনহা মীম, মারজুক রাসেল, আজাদ আবুল কালাম। নাটকের কাহিনীতে দেখা যাবে—প্রত্যন্ত এলাকায় নদীর তীরবর্তী স্থানে একটি পাকিস্তানি ক্যাম্প। প্রতিদিন অসংখ্য নিরীহ মানুষ ও মুক্তিযোদ্ধাদের ধরে এনে নির্যাতন করা হয়। লাইন ধরে দাঁড় করিয়ে গুলি করে মেরে নদীতে ফেলে দেওয়া হয়। মদ্যপ পাকিস্তানি মেজর হিন্দু আর মুক্তিযোদ্ধা পেলে নিজ হাতে গুলি করে মারে। জয় বাংলা আর শেখ মুজিবের নাম শুনলে ক্রুধে শূন্যে গুলি ছুড়ে। আজও লম্বা লাইন। সবাই মৃত্যুর অপেক্ষা করছে। লাইনে আছে মুক্তিযোদ্ধা, বৃদ্ধ, নিরীহ কৃষক, ছাত্র, ক্ষেতমজুর, হিন্দু। আরও অনেকের মাঝে আছে অপু। তার অপরাধ সে জানে না। রাজাকার আজম খানের লোকেরা তাকে ধরে এনেছে মন্দিরের সামনের রাস্তা থেকে। সেও অপেক্ষা করছে মৃত্যুর জন্য। এভাবেই এগিয়ে যায় নাটকটি।