পৃথক ঘটনায় নিহত ১১
প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০১২, ২০:৪৪
দেশের বিভিন্নস্থানে পৃথক ঘটনায় ১১ জন নিহত হয়েছে। খবর দৈনিক প্রতিনিধি ও সংবাদদাতাদের।
সিরাজগঞ্জ
সিরাজগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র এবং সিএনজি চালকসহ ৩জন নিহত হয়েছে। এরা হলো- সিরাজগঞ্জ শহরের নয়নমোড় এলাকার ফেরদৌস হাসানের ছেলে কলেজ ছাত্র মেহেদী হাসান সোহেল (১৭), কড্ডা-কিস্টপুর গ্রামের জুরান মোল্লার ছেলে সিএনজি চালক আব্দুর রাজ্জাক (২২) এবং রায়গঞ্জ উপজেলার ঘুরকা ইউনিয়নের রয়হাটি দিয়ারপাড়া গ্রামের মৃত বাদু প্রামানিকের ছেলে সাবান আলী (৯০)। শনিবার একটি অটোরিকশা সিরাজগঞ্জ থেকে কড্ডা যাচ্ছিল। ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক ও সিএনজিটি খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে সিএনজি যাত্রী কলেজ ছাত্র মেহেদী হাসান সোহেল এবং হাসপাতালে নেয়ার পথে চালক রাজ্জাক মারা যায়। হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী ফরিদ আহম্মেদ জানান, শুক্রবার রাতে ঢাকা-বগুড়া মহাসড়কের রায়গঞ্জ উপজেলার কালিকাপুর পেট্রোল পাম্প এলাকায় রাস্তা পারাপারের সময় ঢাকা থেকে বগুড়াগামী হানিফ পরিবহনের একটি বাসের নিচে চাপা পড়ে সাবান আলী ঘটনাস্থলেই মারা যায়।
কক্সবাজার
টেকনাফের নয়াপাড়া শরণার্থী শিবিরে অগ্নিদগ্ধ হয়ে ২ সহোদর শিশু নিহত হয়েছে। শুক্রবার বিকালে রোহিঙ্গা শরণার্থী শিবিরে একই ঘটনা ঘটে। টেকনাফের নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা শরণার্থী শিবিরের এইচ ব্লকের ৬৭৪ শেডের ৫ নং কক্ষের শরণার্থী সোলতান আহমদ ও তার স্ত্রী মরিয়ম বাহার শুক্রবার পাহাড়ে লাকড়ি আনতে যান। তারা পাহাড়ে যাওয়ার আগে তাদের শিশু মো. ইব্রাহিম (৫) ও কন্যা কোহিনুর আকতারকে (২) ঘুম পাড়িয়ে তাদের ঝুপড়ি ঘর তালাবদ্ধ করে যান। বিকাল ২টার দিকে ওই ঘরে আকস্মিকভাবে অগ্নিকাণ্ডের সূত্রপাত হলে ২ সহোদর শিশু ওইঘরে অগ্নিদগ্ধ হয়ে মারা যায়। টেকনাফ নয়াপাড়া শরণার্থী শিবিরের ইনচার্জ (ম্যাজিস্ট্রেট) ড. কামরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
ঠাকুরগাঁও
ঠাকুরগাঁওয়ে হরিপুুর-রানীশংকৈল সড়কে সড়ক দুর্ঘটনায় এক শিশু নিহত হয়েছে। নিহত শিশুর নাম রিকসান (৩)। শনিবার এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, একটি দ্রুতগামী মোটর সাইকেল হরিপুর থেকে রানীশংকৈলের দিকে যাওয়ার পথে কামারপুকুর নামক স্থানে শিশুটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে রিকসান নিহত হয়।
সুন্দরগঞ্জ (গাইবান্ধা)
উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নের রাজিবপুর গ্রামের মোসলেম আলী (৭০) শুক্রবার গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে। দীর্ঘদিন মোসলেম আলী মানসিকভাবে অসুস্থ ছিল। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ দাফন করার অনুমিত দেয়।
সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)
সিদ্ধিরগঞ্জে দ্রুতগামী একটি ট্যাঙ্ক লরির চাকায় পিষ্ট হয়ে লোকমান (২৫) নামে এক গার্মেন্টস শ্রমিক নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর ব্রিজ সংলগ্ন এলাকায়। সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রাতে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে। নিহত লোকমান আদমজী ইপিজেডের ইপিক গার্মেন্টসের ইউনিট-১ এর শ্রমিক।
চাটমোহর (পাবনা)
পাবনার চাটমোহর উপজেলার ফৈলজানা ইউনিয়নের চর লক্ষ্মীপুর গ্রামে গত শুক্রবার দুপুরে নসিমন ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে মার্জিয়া খাতুন নামের ৩ বছরের এক শিশু নিহত হয়েছে। নিহত শিশু হলো পার্শ্ববর্তী ফরিদপুর উপজেলার ধানুয়াঘাটা গ্রামের মোস্তফা কামালের মেয়ে।
সীতাকুণ্ড (চট্টগ্রাম)
চট্টগ্রামের সীতাকুন্ডে সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। শুক্রবার উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভাটিয়ারী মোস্তফা ভেজিটেবল মিলের গেইটের সামনে এ মর্মান্তিক ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঢাকামুখী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী একটি সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলে অটোরিকশার যাত্রী নুরুল আলম সওদাগর (৫৫) ও তার স্ত্রী হোসনে আরা বেগম মারা যায়। নিহতরা ভাটিয়ারী ইউনিয়নের কদম রসুল গ্রামের বাসিন্দা ।