‘নারী নির্যাতনের প্রধান কারণ বিচারহীনতার সংস্কৃতি’

নারীরা সকল বাধা ভেঙে সেনাবাহিনী, পুলিশ, প্রশাসন, রাজনীতি সর্বক্ষেত্রে অবদান রাখলেও নারী নির্যাতনের চিত্র বাংলাদেশে খুবই করুণ, খুবই কষ্টের। যে নারী নিপীড়নের শিকার হচ্ছে তাকে আইনের আশ্রয় দেওয়া হচ্ছে না। যে নিপীড়ন করছে তাকে আইনের প্রশ্রয় দেওয়া হচ্ছে। আজকে নারী নির্যাতন যে এত প্রকট হয়েছে তার মূল কারণ হচ্ছে বিচারহীনতার সংস্কৃতি। বিচারহীনতার সুযোগ নিয়ে সমাজের প্রভাবশালী ব্যক্তিদের প্রশ্রয়ে নুসরাত হত্যাকাণ্ড ঘটেছে। আমরা দৃষ্টান্তমূলক বিচার চাই নুসরাত হত্যাকাণ্ডের— এমন দাবি করেছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা অ্যাডভোকেট সুলতানা কামাল। গতকাল রবিবার জাতীয় প্রেসক্লাবে ডিবেট ফর ডেমোক্রেসির নিপীড়নবিরোধী বিতর্ক প্রতিযোগিতার আয়োজন নিয়ে এক সংবাদ সম্মেলন তিনি এ দাবি করেন।

সভাপতি হিসেবে এ প্রতিযোগিতা আয়োজনের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। ‘সাহসিকা নুসরাত, তুমিই যুক্তি তুমিই প্রতিবাদ’ এ— স্লোগানে প্রতিযোগিতায় বাছাইকৃত কলেজ, বিশ্ববিদ্যালয় এবং মাদ্রাসা পর্যায়ের ১৬টি শিক্ষাপ্রতিষ্ঠান অংশগ্রহণ করবে। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ডিবিসি নিউজের সম্পাদক নবনীতা চৌধুরী, টিভি প্রেজেন্টার প্লাটফর্মের ভাইস প্রেসিডেন্ট খোন্দকার ইসমাইল প্রমুখ। জাতীয় বিতর্ক প্রতিযোগিতার পৃষ্ঠপোষকতা করছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক।

অ্যাডভোকেট সুলতানা কামাল আরো বলেন, যৌন নিপীড়ন থেকে হত্যা করা পর্যন্ত যতগুলো ঘটনা ঘটে সেখানে বিচারের হার মাত্র দশমিক ৩ শতাংশ। তিনি আরো বলেন, ২০০৯ সালে নারীরা যখন প্রকটভাবে রাস্তাঘাটে, শিক্ষাপ্রতিষ্ঠানে, কর্মক্ষেত্রে যৌন নিপীড়নের শিকার হতে থাকলেন তখন মহিলা আইনজীবী সমিতি এর প্রতিকারে  উচ্চ আদালতে রিট করলে আদালত কতগুলো নির্দেশনা প্রদান করে। কিন্তু দুঃখের বিষয় ১০ বছর পার হয়ে গেলেও জনগণকে চাপে রাখা যায়, বাকস্বাধীনতা কমানো যায় এমন ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মতো আইন পেলেও আমরা নারী নিপীড়ন প্রতিরোধের কোনো আইন এখন পর্যন্ত পাইনি।

হাসান আহমেদ চৌধুরী কিরণ বহুমাত্রিক নিপীড়ন বাড়ার কারণ হিসেবে সর্বস্তরে ক্ষমতার অপব্যবহার, অর্থনৈতিক বৈষম্য, তথ্যপ্রযুক্তির অপব্যবহার, যৌতুক, নারীর ক্ষমতার অপর্যাপ্ততা, মূল্যবোধের অভাব, ধর্মের ভুল ব্যাখা, আইনশৃঙ্খলা বাহিনীর কিছু সদস্যের দায়িত্ববোধের অভাব— সর্বোপরি সমাজের সর্বস্তরে সুশাসন প্রতিষ্ঠিত না হওয়াকে দায়ী করেন।