ক্লাব ফুটবল বিশ্বকাপ ফাইনাল
শিরোপা জয়ে আশাবাদী বেনিতেজ
প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০১২, ২০:৫৭
ইংল্যান্ডের শক্তিশালী দল চেলসি আজ রবিবার জাপানের ইয়োকোহামায় ক্লাব ফুটবল বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হবে ব্রাজিলের করিন্থিয়ান্সের। সময়টা ভাল যাচ্ছে না ব্লুজদের। চ্যাম্পিয়ন্স লিগ ফুটবলে নকআউট পর্বে যাওয়ার আগেই চেলসি চলতি মৌসুমে বিদায় নিয়েছে। ইংলিশ প্রিমিয়ার লিগেও সুদৃঢ় অবস্থানে নেই তারা। আর তাই আজ ফাইনাল ম্যাচটি জয় হবে তাদের জন্য অনুপ্রেরণার। অন্যদিকে করিন্থিয়ান্স ক্লাব ফুটবল বিশ্বকাপের প্রথম আসর ২০০০ সালে সর্বশেষ জয় করেছিল। প্রায় ১২ বছর পর সুযোগ এসেছে তাদের সামনে বিশ্বসেরাদের সেরা হওয়ার। চেলসি ম্যানেজার আশা করছেন এই শিরোপা জয় হবে তাদের ইংলিশ প্রিমিয়ার লিগে ভাল করার অনুপ্রেরণা। আর করিন্থিয়ান্সের পাওলো গুয়েরোরো মনে করেন নিজস্ব ফুটবল খেলতে পারলে তারা শিরোপা জয় করতে সক্ষম।
ইংলিশ প্রিমিয়ার লিগে চেলসি শীর্ষে থাকা ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ১০ পয়েন্ট পেছনে। আর অবস্থান তৃতীয়। চ্যাম্পিয়ন্স লিগ ফুটবলের বর্তমান চ্যাম্পিয়ন চেলসি আশা করছে ফিরে আসার। ফিরে আসার মঞ্চ হিসেবে দেখছে তারা ক্লাব ফুটবল বিশ্বকাপকে।
বেনিতেজ আশা করেন তিনটি টানা জয়ে তারা ইংলিশ প্রিমিয়ার লিগে লড়াইয়ে ফিরে আসতে পারে। তিনি কাল বলেন, ‘আমি স্বীকার করছি ইউনাইটেড ও সিটিকে দেখা যাচ্ছে অপরাজেয় হিসেবে। কিন্তু বাস্তবে আপনি যদি প্রতি ম্যাচে তিন পয়েন্ট করে হিসেব করেন, যদি দুই-তিনটি ম্যাচ জিতে নেন তো আত্মবিশ্বাস বেড়ে যাবে। যদি আমরা করিন্থিয়ান্সের বিপক্ষে জিতে যাই তা দলের জন্য হবে গুরুত্বপূর্ণ। আমরা ভাল ফুটবল খেলার ব্যাপারে আত্মবিশ্বাসী। মান ও ভারসাম্যের দিকে আমরা উন্নতি করছি। তাহলে এখানে এই ম্যাচটি সহজে জিতে নেয়া সম্ভব।’
বর্তমানে ৫২ বছর বয়সী স্পেনে জম্ম নেয়া এই কোচের এটা তৃতীয় ক্লাব বিশ্বকাপ ফাইনাল। ২০০৫ সালে লিভারপুলের কোচ থাকাকালীন ফাইনালে ব্রাজিলের দল সাও পাওলোর বিপক্ষে হেরে যায় তার দল। ২০১০ সালে ইন্টারমিলানের কোচ থাকাকালীন জয় করেছেন ক্লাব ফুটবল বিশ্বকাপ।
সেই ২০০৬ সালে দক্ষিণ আমেরিকার শেষ ক্লাব হিসেবে ক্লাব ফুটবল বিশ্বকাপ জয় করেছিল ইন্টারন্যাসিওনাল। পরের পাঁচ আসরে ইউরোপের ক্লাবে গেছে শিরোপা। এই আসরের বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা। করিন্থিয়ান্সের সামনে আবারো প্রমাণ করার সুযোগ এসেছে।
সেমিফাইনালে পেরুর পাওলো গুয়েরেরোর হেড থেকে আসা গোলে ভর করে গত বুধবার করিন্থিয়ান্স ১-০ গোলে হারায় মিশরের আল আহলিকে। আজ আল আহলি ও মেক্সিকোর মন্টেরের তৃতীয় নির্ধারণী ম্যাচ। গুয়েরেরো শুক্রবার বলেন, ‘সবাই জানে চেলসি বিশ্বে অন্যতম সেরা দল। ব্রাজিলের সবার কাছে এটা ফাইনাল। প্রতিটি করিন্থিয়ান্সের সমর্থকরা অপেক্ষা করছে। আমরা জানি এটা কঠিন হতে পারে কারণ তারা ভিন্ন ধারার, তাই খেলাটিও অন্যরকম হবে। করিন্থিয়ান্স মানসম্পন্ন দল। আমরা নিজেদের খেলাটা খেলবো। ’ চেলসি সেমিফাইনালে মেক্সিকোর মন্টেরেকে গত বৃহস্পতিবার ৩-১ গোলে হারিয়ে ফাইনালে পৌঁছে গিয়েছিল।