কোহলি ও ধোনির প্রতি আক্রমণ
প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০১২, ২০:৫৮
না গ পু র টে স্ট
সংক্ষিপ্ত স্কোর
টস : ইংল্যান্ড
ইংল্যান্ড প্রথম ইনিংস : ৩৩০
ভারত প্রথম ইনিংস : ১৩০.১ ওভার ২৯৭/৮ (কোহলি ১০৩,ধোনি ৯৯,গম্ভীর ৩৭,পুজারা ২৬; অ্যান্ডারসন ৪/৬৮, সোয়ান ৩/৭৬) (তৃতীয় দিন শেষে)
বিরাট কোহলি ও অধিনায়ক মহেন্দ্র ধোনির দারুণ ব্যাটিংয়ে ইংল্যান্ডের বিপক্ষে গতকাল শনিবার নাগপুরে চতুর্থ টেস্টের তৃতীয় দিনে দারুণভাবে ঘুরে দাঁড়াল স্বাগতিক ভারত। কোহলি সেঞ্চুরি তুলে নিলেও ধোনি ৯৯ রানে রান আউট হয়ে যান। কিন্তু প্রচণ্ড চাপে থাকা ভারত এই দু’জনের দৃঢ় ব্যাটিংয়ে সুবিধাজনক অবস্থানে পৌঁছে গেল।
টেস্টের দ্বিতীয় দিন শেষে ভারত চার উইকেট হারিয়ে ৮৭ রান তুলেছিল। ইংল্যান্ড প্রথম ইনিংসে সংগ্রহ করেছিল ৩৩০ রান। কোহলি (১০৩) ও ধোনি (৯৯) বেশ শৃঙ্খলার সাথে খেলেছেন। ফলশ্রুতিতে কাল তৃতীয় দিন শেষে ভারত আট উইকেট হারিয়ে সংগ্রহ করতে পেরেছে ২৯৭ রান।
রবিচন্দ্রন অশ্বিন সাত রানে উইকেটে অপরাজিত আছেন। পিযুশ চাওলা (১) কাল আউট হওয়ার পরেই দিনের খেলা শেষ ঘোষণা করা হয়। ভারত এখনো ৩৩ রানে পিছিয়ে আছে এবং হাতে রয়েছে তাদের দুই উইকেট। ইশান্থ শর্মা ও প্রজ্ঞান ওঝা আজ ব্যাটিংয়ে নামবেন। তরুণ কোহলি এই সিরিজে ফর্মে ছিলেন না। তৃতীয় টেস্ট সেঞ্চুরি হাঁকালেন তিনি এদিন। ধোনি ভালই সমর্থন দিয়ে যাচ্ছিলেন। কোহলি ও ধোনির পঞ্চম উইকেট থেকে ভারত পেয়েছে ১৯৮ রান। এই জুটিতে লড়াইয়ে ফেরে ভারত।
চার টেস্টের সিরিজে ইংল্যান্ড ২-১ ব্যবধানে এগিয়ে রয়েছে। এই টেস্ট ম্যাচটি জিততেই হবে ভারতকে সিরিজ বাঁচাতে হলে। ইংল্যান্ডের ড্র হলেও চলবে। ভারতের মাটিতে ইংল্যান্ড ২৮ বছর টেস্ট সিরিজ জিততে পারেনি। এবার সুবর্ণ সুযোগ তাদের।
ধোনি ধৈর্যের প্রতিমূর্তি যেন। ২৪৬ বল খেলে তিনি ৯৯ রান করেন আটটি চার ও একটি ছয়ে। ইংল্যান্ডের অধিনায়ক অ্যালিস্টার কুকের নৈপুণ্যে রান আউট হন তিনি। মুম্বাই ও কলকাতা টেস্ট হারায় বেশ চাপে ছিলেন ধোনি। আর দলের টপ অর্ডারদের ব্যর্থতায় তার চাপ আরো বেড়ে যায়। তবে মাথা ঠাণ্ডা করে পরিস্থিতি সামাল দেন তিনি।
স্পিনার গ্রায়েম সোয়ান কোহলিকে তুলে নিয়ে পঞ্চম উইকেট জুটি ভেঙে দেন। অভিষেক টেস্ট খেলতে নামা রবিন্দ্র জাদেজা (১২) ও চাওলা দ্রুতই আউট হলে দিনের শেষে অস্বস্তিতে পড়ে যায় ভারত।
কোহলির ২৯৫ বল খেলেছেন। ১১টি চারের সৌজন্যে এসেছে তার এই সেঞ্চুরি।
ইংল্যান্ডের পেসার জেমস অ্যান্ডারসন ৬৮ রানে চারটি এবং সোয়ান ৭৬ রানে তিন উইকেট নেন।