বালাকের বিদায়ী ম্যাচ জুনে
প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০১২, ২০:৫৯
জার্মানীর সাবেক অধিনায়ক মাইকেল বালাক আগামী ৫ জুন লিপজিগে তার বিদায়ী ম্যাচ খেলবেন। ওই ম্যাচে হোসে মরিনহো, অ্যাশলে কোল, ফ্র্যাংক ল্যাম্পার্ড এবং দিদিয়ের দ্রগবার মত বিশ্ব ফুটবলের তারকাদের আমন্ত্রণ জানানো হয়েছে। স্থানীয় পত্রিকা কোলোন ডেইলি এক্সপ্রেস সূত্রে জানা গেছে, গত অক্টোবরে সব ধরনের ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন ৩৬ বছর বয়সী এই মিডফিল্ডার।
জুনে চ্যারিটি ম্যাচটিকে সামনে রেখে তিনি যে পরিকল্পনা করেছেন তাতে একটি আমন্ত্রণমূলক দলের বিপক্ষে বিশ্ব একাদশ লড়বেন। এখানে একটি দলের কোচের দায়িত্বে থাকতে পারেন রিয়াল মাদ্রিদ বস হোসে মরিনহো। বিশ্বের জনপ্রিয় সব খেলোয়াড় বাদেও জার্মান তারকা বাস্তিয়ান শোয়েন্সটেইগার, মেসুত ওজিল এবং গোলরক্ষক রেনে আদলারকেও আমন্ত্রণ জানানো হয়েছে। বালাক ২০০২ সাল থেকে চার বছর বায়ার্ন মিউনিখে খেলেছেন। এরপর ২০০৬ থেকে ২০১০ সাল পর্যন্ত তার ঠিকানা ছিল ইংলিশ ক্লাব চেলসি। এ কারণে তার পুরোনো ব্লুজ সতীর্থ কোল, ল্যাম্পার্ড এবং দ্রগবাকে ডাকা হয়েছে প্রীতি ম্যাচটির জন্য।
জাতীয় দলের হয়ে ৯৮টি ম্যাচ খেলার পরে বালাক গত মে মাসে বায়ার লিভারকুসেনের হয়ে ক্যারিয়ার শেষ করেন। ওই সময়ে জার্মান ক্লাবটির সাথে দুই বছরের চুক্তি শেষ হয়ে গিয়েছিল। ২০০২ সালের বিশ্বকাপ ফাইনালে পৌঁছানো জার্মান দলের সদস্য ছিলেন বালাক। এরপর ২০০৬ বিশ্বকাপে নিজেদের মাঠে তৃতীয় হয় জার্মানী। ২০০৮ সালে স্পেনের কাছে ইউরো চ্যাম্পিয়নশীপে পরাজিত ফাইনালে বালাক দলের অধিনায়ক ছিলেন। বাসস