জরাজীর্ণ ভবনে ঝুঁকি নিয়ে পাঠদান
প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০১২, ২১:২১
রাজশাহীর দুর্গাপুর উপজেলার কাঁঠালবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জরাজীর্ণ ভবনে ঝুঁকি নিয়ে চলছে শিক্ষার্থীদের পাঠদান। ভবনটি যেকোন সময় ভেঙ্গে পড়তে পারে। শিক্ষক ও অভিভাবকরা আশঙ্কা করছেন, এতে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। সন্তানদের স্কুলে পাঠিয়ে অভিভাবকরা থাকেন চরম উত্কণ্ঠায়।
কয়েক বছর ধরে বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রাথমিক শিক্ষা সমাপনীতে কৃতিত্বপূর্ণ ফলাফল করছে। পাসের হার ও বৃত্তিপ্রাপ্তি বাড়লেও বর্তমানে শিক্ষক ও শ্রেণিকক্ষ সংকট বিরাজ করছে বিদ্যালয়ে। শ্রেণিকক্ষে শিশুরা গাদাগাদি করে ক্লাস করে। উপজেলার অনেকগুলো পুরাতন স্কুল ভেঙ্গে নতুন ভবন নির্মাণ করা হলেও কাঁঠালবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভাঙ্গাচোরা ভবন আছে আগের মতোই।
বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি এবং স্থানীয় ইউপি সদস্য আজিজুল হক বলেন, বিদ্যালয়টিতে নানা সংকট সত্ত্বেও শিক্ষার্থীরা বার বার প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় সাফল্য দেখাচ্ছে। বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের অক্লান্ত পরিশ্রমের ফলে শিক্ষার মানোন্নয়ন হলেও জরাজীর্ণ ভবন অপসারিত হচ্ছে না। ফলে শ্রেণিকক্ষ সংকট বর্তমানে প্রকট আকার ধারণ করেছে।
প্রধান শিক্ষিকা নিহার পারভীন বলেন, বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা শিক্ষার মানোন্নয়নে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। সাপ্তাহিক, পাক্ষিক ও মাসিক মডেল টেস্টের আয়োজন করেন তারা। অভিভাবকদের নিয়ে শিক্ষক ও পরিচালনা কমিটি মতবিনিময় করেন। প্রথম থেকে পঞ্চম শ্রেণিতে পড়ুয়া শিক্ষার্থীদের বাড়িতে গিয়ে শিক্ষকরা লেখাপড়ার খোঁজ-খবর নেন। এ ব্যাপারে উপজেলা শিক্ষা কর্মকর্তা সানাউল্লাহ বলেন, পড়াশোনার মানোন্নয়ন ও ফলাফলের দিক থেকে কাঁঠালবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এগিয়ে চলেছে। তবে বিদ্যালয়ের শিক্ষার্থীর তুলনায় কক্ষ সংকট রয়েছে। পুরাতন জরাজীর্ণ ভবনটিতে শিক্ষক-শিক্ষিকারা জীবনের ঝুঁকি নিয়ে পাঠদান চালিয়ে যাচ্ছেন।