শেখ জামালের জন্মদিন পালিত

ইত্তেফাক রিপোর্ট

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দ্বিতীয় পুত্র শেখ জামালের ৬৬ তম জন্মদিন গতকাল রবিবার নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সকালে রাজধানীর বনানী কবরস্থানে শেখ জামালের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় আওয়ামী লীগ। এ সময় অন্যান্যের মধ্যে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন, দপ্তর সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি একে এম রহমতুল্লাহ এমপি প্রমুখ।

পরে মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ, ছাত্রলীগ এবং যুবলীগসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে শেখ জামালের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময়ে আত্মার মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। ১৯৫৪ সালের এদিনে শেখ জামাল গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট কিছু উচ্ছৃঙ্খল সেনা কর্মকর্তার হাতে সপরিবারে নিহত হন শেখ জামাল।