‘ইইউ সহজ পদ্ধতিতে বাণিজ্য করার পরিবেশ চায়’

ইত্তেফাক রিপোর্ট

দেশে বাণিজ্য ও বিনিয়োগ পদ্ধতি দুর্নীতিমুক্ত ও সহজ করা হয়েছে উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, কোনো কাজে হয়রানির সুযোগ নেই। এখন এক অফিসেই সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হচ্ছে। ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে বাণিজ্য ও বিনিয়োগের কাজ সহজ করা হয়েছে।  গতকাল রবিবার সচিবালয়ে ‘পঞ্চম ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)-বাংলাদেশ বিজনেস ক্লাইমেট ডায়ালগ’ শেষে বাণিজ্যমন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন। বাণিজ্যমন্ত্রী বলেন, বাণিজ্য নিয়ে ৫টি সেক্টরে বিভিন্ন সময়ে জটিলতা দেখা যায়। এগুলো হলো- ইমপোর্ট ডিউটিজ/ কাস্টমস/ ট্রেড ফেসিলিটেশন, ফাইনান্সিয়াল ফ্লোজ, ফার্মাসিউটিকেলস, ট্যাক্স রিজিমস, লাইসেন্স এন্ড ইনভেস্টমেন্ট ইন দি সার্ভিস সেক্টর। এ সেক্টরগুলোর সমস্যা সমাধানে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ কাজ করছে। পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে বলে তিনি জানান। 

ইউরোপীয় ইউনিয়নের ডেলিগেশন প্রধান এবং ইইউ অ্যাম্বাসেডর রেনসজি টেরিংক সাংবাদিকদের বলেন, ইউরোপিয়ন ইউনিয়ন সহজ পদ্ধতিতে বাণিজ্য করার পরিবেশ চায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইজি ডুয়িং বিজনেস পলিসি খুবই উত্সাহব্যঞ্জক। সে মোতাবেক অফিসগুলোতে কাজ হবে বলে ইইউ আশা করছে। 

পঞ্চম ইইউ-বাংলাদেশ বিজনেস ক্লাইমেট ডায়ালগ ফলপ্রসূ হয়েছে জানিয়ে তিনি বলেন, খুবই আন্তরিক পরিবেশে সকল সমস্যা নিয়ে আলোচনা করা হয়েছে। আশা করছি আগামীতে আর কোনো সমস্যা থাকবে না।