বিকাশকে ধরতে আবার মাঠে র্যাব-পুলিশ

পুলিশের তালিকাভুক্ত অন্যতম শীর্ষ সন্ত্রাসী বিকাশ কুমার বিশ্বাস ওরফে বিকাশকে কঠোর গোপনীয়তায় কারাগার থেকে ছেড়ে দেয়ার পর আবারও ধরতে মাঠে নেমেছে র্যাব-পুলিশ। দীর্ঘ ১৪ বছর কারাভোগের পর গত শুক্রবার সকালে জামিনে মুক্তি পায় বিকাশ। কাশিমপুর কারাগার-২ থেকে জামিনে প্রশাসনের দৃষ্টি এড়িয়ে বেরিয়ে গেছে। আইন-শৃঙ্খলা বাহিনীর একটি সূত্র জানিয়েছে, আবারো আটক হয়েছে বিকাশ! তবে এখনই তা মিডিয়ার কাছে প্রকাশ করা হচ্ছে না। কিভাবে সে জামিনে ছাড়া পেল তা নিশ্চিত হয়েই তাকে গ্রেফতার দেখানো হতে পারে। র্যাব ও পুলিশের দুজন দায়িত্বশীল কর্মকর্তা ‘ইত্তেফাক’কে বলেছেন, যেভাবেই হোক সে ছাড়া পেয়ে বের হয়ে গেছে। এখন আবার তাকে গ্রেফতার করার জন্য তত্পরতা শুরু হয়েছে। তারা বলেন, বিকাশের মত শীর্ষ সন্ত্রাসী বাইরে থাকলে কেউ-ই নিরাপদ নয়। তাই তাকে যেভাবেই হোক গ্রেফতার করে কারাগারে রাখতে হবে বলে মত তাদের। গতকাল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত র্যাব রাজধানী ও এর আশপাশের এলাকায় অন্তত ৫টি অপারেশন চালিয়েছে। কিন্তু তাকে পাওয়া যায়নি বলে দাবি করেছেন র্যাব কর্মকর্তারা। তবে অপর একটি সূত্র জানিয়েছে, আইন-শৃঙ্খলা বাহিনী তাকে আবারও হেফাজতে নিয়েছে। এখন যেকোন সময় তা প্রকাশ করা হতে পারে। তবে ভিন্নমতও আছে। তারা বলছেন, শুক্রবার জামিনে মুক্তি পাওয়ার পর রাতের মধ্যেই বিকাশ যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে গেছে। তাই যত অভিযানই হোক না কেন তাকে আর খুঁজে পাওয়া যাবে না। ১৯৯৭ সালে মিরপুরের পাইকপাড়া এলাকার শীর্ষ সন্ত্রাসী বিকাশকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ গ্রেফতার করে। ২০০১ সালের ২৬ ডিসেম্বর ২৩ শীর্ষ সন্ত্রাসী তালিকা প্রকাশ করে। ওই তালিকায় বিকাশের ছোটভাই প্রকাশ কুমার বিশ্বাসের নাম ৮ নম্বরে রয়েছে। তালিকা প্রকাশের পরই প্রকাশ আত্মগোপন করে। বিকাশের বিরুদ্ধে ছাত্রলীগ নেতা জরিপ, আগারগাঁওয়ে জোড়া খুনসহ ৫টি হত্যা মামলাসহ ১৬টি মামলা রয়েছে। এর আগে বিকাশ ২০০৯ সালের জুনে কাশিমপুর কারাগার-২ থেকে জামিনে মুক্তি পায়। ওই সময় জেলগেটের সামনে থেকে গাজীপুরের জয়দেবপুর থানা পুলিশ আবার তাকে গ্রেফতার করে।