ঢাবিতে বিজয় শোভাযাত্রা

ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার আহ্বান

মহান বিজয় দিবস উপলক্ষে গতকাল শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক বর্ণাঢ্য বিজয় শোভাযাত্রা বের করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ শোভাযাত্রা থেকে মুক্তিযুদ্ধের চেতনায় ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় সকলকে সম্মিলিতভাবে কাজ করার আহবান জানানো হয়। গতকাল সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশ থেকে শিক্ষক, ছাত্র-ছাত্রী, কর্মকর্তা-কর্মচারী ও বিশ্ববিদ্যালয়ের পরিবারের সদস্যদের উদ্যোগে ‘বিজয় শোভাযাত্রা’ বের করা হয়। শোভাযাত্রাটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে স্বাধীনতা চত্বরে গিয়ে শেষ হয়। এতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক নাসরীন আহমাদ, প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক সহিদ আকতার হুসাইন, কোষাধ্যক্ষ অধ্যাপক মো. কামাল উদ্দীন, অধ্যাপক মো. আখতারুজ্জামান, প্রক্টর (ভারপ্রাপ্ত) ড. আমজাদ আলী, ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মেহেদী হাসান মোল্লা, সাধারণ সম্পাদক ওমর শরীফ প্রমুখ। শোভাযাত্রাশেষে স্বাধীনতা চত্বরে এক সংক্ষিপ্ত বক্তৃতায় অধ্যাপক আরেফিন সিদ্দিক বলেন, মুক্তিযুদ্ধ চলাকালে এবং বিজয় অর্জিত হওয়ার পূর্ব মুহূর্তে যারা নির্মমভাবে বুদ্ধিজীবীসহ সাধারণ মানুষকে হত্যা করেছে, তাদের বিচার ত্বরান্বিত করতে ঐক্যবদ্ধ কর্মসূচি পালন করতে হবে।