ময়মনসিংহে ছাত্রী অপহরণ মহাসড়ক অবরোধ

গতকাল শনিবার সকাল ৯টার দিকে ময়মনসিংহ শহরতলী শিকারীকান্দায় আমলীতলা স্কুলের সামনে থেকে ফিল্মি কায়দায় কতিপয় দুর্বৃত্ত স্কুলের নবম শ্রেণির এক ছাত্রীকে সিএনজি অটোরিক্সায় তুলে নিয়ে যায়। এই ঘটনায় এলাকাবাসী ও স্কুলের শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়ে উঠে। স্কুলছাত্রীকে উদ্ধার ও অপহরণকারীদের গ্রেপ্তারের দাবিতে তারা তত্ক্ষণাত্ স্কুলের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবরোধ সৃষ্টি এবং মানববন্ধন করে। অবরোধের ফলে ঢাকার সাথে বৃহত্তর ময়মনসিংহের ৫টি জেলার সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। এতে অবরোধ স্থলের দুই প্রান্তে আটকা পড়ে শত শত যানবাহন, সৃষ্টি হয় তীব্র যানজট। চরম দুর্ভোগের শিকার হয় যাত্রীরা। প্রায় ৩ ঘন্টা এমন পরিস্থিতি চলার পর জেলা প্রশাসনের পক্ষ থেকে অপহূত স্কুলছাত্রীকে দ্রুত উদ্ধার ও অপহরণকারীদের গ্রেপ্তারের আশ্বাস দিলে অবরোধকারীরা অবরোধ তুলে নেয়। কোতয়ালী মডেল থানার ওসি ফজলুল করিম জানিয়েছেন, পুলিশ শহরের ভাটিকাশর এলাকা থেকে অপহরণ কাজে ব্যবহূত গাড়ির চালক আতিকুল ইসলামকে আটক করেছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত অপহূত স্কুলছাত্রী উদ্ধার যায়নি। উদ্ধার তত্পরতা চলছে বলে পুলিশ জানিয়েছে।