ক্ষমতার দ্বন্দ্বে দুই নেত্রী বেসামাল :নাজমুল হুদা

বাংলাদেশ জাতীয়তাবাদী ফ্রন্ট-বিএনএফ’র আহ্বায়ক ব্যারিস্টার নাজমুল হুদা বলেছেন, ক্ষমতার দ্বন্দ্বে আজ দুই নেত্রী বেসামাল হয়ে গেছেন। এক নেত্রী চান তত্ত্বাবধায়ক সরকারের অধীনে, আর অরেকজন চান দলীয় সরকারের অধীনে নির্বাচন। যে ক্ষমতার লড়াইয়ের জন্য দেশের এই অরাজক অবস্থা, মারামারি, হানাহানি তা বন্ধ করতে হবে। মহান বিজয় দিবস উপলক্ষে গতকাল শনিবার জাতীয় প্রেসক্লাবে ‘জনগণের জানমালের নিরাপত্তা বিধান: সময়ের দাবি’ শীর্ষক এক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। দেশের ১৬ কোটি মানুষ দুই নেত্রীর ইচ্ছা-অনিচ্ছার উপর চলতে পারে না উল্লেখ করে সাবেক এই মন্ত্রী বলেন, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আমরা নির্বাচন চাই না। আবার দলীয় সরকারের অধীনেও আমরা নির্বাচন চাই না। তবে সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে কয়েকটি প্রস্তাব রয়েছে আমাদের। তাহলো, সংবিধানের ১২৩ ধারা আবার পুনঃপ্রতিষ্ঠা করে সংসদের মেয়াদ উত্তীর্ণ হওয়ার তিন মাসের মধ্যে নির্বাচন পদ্ধতি ফিরিয়ে আনতে হবে। আর নির্বাচন কমিশনই নির্বাচন পরিচালনা করবে। তবে যে অবস্থায় এখন নির্বাচন কমিশন রয়েছে, সে অবস্থায় তারা পারবে না। এজন্য তত্ত্বাবধায়ক সরকার প্রধানের যে ক্ষমতা অর্থাত্ প্রধানমন্ত্রীর নির্বাহী ক্ষমতা নির্বাচন কমিশনের কাছে ন্যস্ত করতে হবে। আর নির্বাচন কমিশন পুনঃগঠন করে ৭ থেকে ৯ সদস্যের করতে হবে। সেইসঙ্গে সকল দলের সম্মতিতে নির্বাচন কমিশন পুনঃগঠন করতে হবে। তাহলেই সুষ্ঠু নির্বাচন সম্ভব বলে তিনি মন্তব্য করেন। বিএনএফ আয়োজিত এই আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের প্রধান সমন্বয়ক ও মুখপাত্র আবুল কালাম আজাদ। আলোচনায় অংশ নেন বিএনএফ’র কনভেনার অধ্যাপিকা জাহানারা বেগম, বিএনএফ’র সদস্য সচিব অধ্যাপক আরিফ মাঈনুদ্দীন, যুগ্ম-আহ্বায়ক ড. সৈয়দ মুহম্মদ জাবেদ সালেহউদ্দিন ও আঞ্জুমান সালাউদ্দিন প্রমুখ।