দোকানপাট-ইজিবাইক ভাংচুর

ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রলীগের হামলায় আহত ১২

ঠিকাদারীর ঘটনাকে কেন্দ্র করে ছাত্রলীগের ক্যাডারদের হামলায় ব্রাহ্মণবাড়িয়ায় ১২ জন আহত হয়েছে। এ সময় তারা ৮/১০টি ব্যবসায় প্রতিষ্ঠান এবং ৫টি ইজিবাইক ব্যাপক ভাংচুর করে। গত শুক্রবার ঠিকাদারীর একটি কাজকে কেন্দ্র করে পৌর এলাকার বণিকপাড়া-সরকার পাড়ার যুবকদের সংঘর্ষে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ শাখার ছাত্রলীগের সভাপতি শাহাদাত হোসেন শোভনসহ ৭/৮ জন আহত হয়। এরই জের ধরে রাত প্রায় ৮টায় সদর উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক শেখ রাসেলের নেতৃত্বে ছাত্রলীগের অর্ধশতাধিক যুবক শ্লোগান দিয়ে রামদা, হকিস্টিক, রড নিয়ে বণিকপাড়া, কালীবাড়ি মোড়, টিএ রোডের ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করে। এ সময় সারা শহর জুড়ে তীব্র আতংকের সৃষ্টি হয়। খবর পেয়ে সদর থানার পুলিশ ব্যাপক লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় পুলিশের পিটুনিতে ৫ জন আহত হয়।